যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থানরত জেডনেট-এর প্রযুক্তি লেখক জ্যাক ওয়ালেন গ্নোম ডেস্কটপের নতুন ও আকর্ষণীয় রূপ ‘অরা গ্লাস’ পরীক্ষা করে এর ভূয়সী প্রশংসা করেছেন। অ্যাপলের লিকুইড গ্লাসের দ্বারা অনুপ্রাণিত এই নতুন থিমটি গ্নোম ডেস্কটপের বর্তমান কাঠামোর সীমাবদ্ধতা কাটিয়ে এটিকে নান্দনিক ও আধুনিক রূপ দিয়েছে বলে তিনি জানিয়েছেন।
অরা গ্লাস মূলত গ্নোম ৪৮, ৪৯ এবং ৫০ সংস্করণের ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে। এটি উবুন্টু, ডেবিয়ান, ফেডোরা, আর্চ এবং ক্যাচিওএস ডিস্ট্রোতে সাপোর্ট করে। জ্যাক ওয়ালেনের মতে, এই থিমটি ব্যবহারের ফলে গ্নোম ডেস্কটপে ডায়নামিক ফ্রস্টেড গ্লাস, ব্যাকগ্রাউন্ড ব্লার, অ্যাডাপ্টিভ অ্যাকসেন্ট কালার এবং নতুন জিডিএম লগইন স্ক্রিনসহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার যুক্ত হয়।
পরীক্ষামূলক ব্যবহারের অভিজ্ঞতায় জ্যাক ওয়ালেন উল্লেখ করেছেন, এটি গ্নোম ডেস্কটপের অন্যতম সুন্দর সংস্করণ। তবে ভার্চুয়াল মেশিনে কম র্যাম ব্যবহার করলে পারফরম্যান্সে সামান্য প্রভাব পড়তে পারে, তাই পর্যাপ্ত রিসোর্স সমৃদ্ধ সিস্টেমে এটি ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। কমান্ড লাইনের মাধ্যমে গিট ব্যবহার করে খুব সহজেই এই থিমটি ইনস্টল করা সম্ভব। ইন্সটলেশনের সময় একটি টেক্সট-বেসড উইজার্ডের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী কালার, ব্লার মোড এবং আইকন সেট করে নিতে পারেন। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সাধারণত ৫ থেকে ১০ মিনিটের মতো সময় লাগে।