যুক্তরাষ্ট্রের গেম ডেভেলপার ওয়ারেন স্পেক্টর দীর্ঘ ৪৪ বছরের কর্মজীবন শেষে গেম নির্মাণ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। লিঙ্কডইন পোস্টে তিনি জানিয়েছেন, বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় এখন নিজের সৃজনশীল কাজে সময় দিতে চান তিনি। ইমার্সিভ সিম ঘরানার গেমের জনক হিসেবে পরিচিত স্পেক্টরের এই অবসর গেম ইন্ডাস্ট্রিতে তার দীর্ঘ বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি টানল।
ওয়ারেন স্পেক্টর মূলত অ্যাকশন রোল-প্লেয়িং গেম ডিউস এক্স-এর নির্মাতা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। নিজের ক্যারিয়ারে তিনি ১৭টি ডিজিটাল গেম এবং বেশ কিছু টেবিলটপ গেমের সাথে যুক্ত ছিলেন। ডিউস এক্স ছাড়াও আল্টিমা সিরিজের বিভিন্ন শিরোনাম, ডিজনির এপিক মিকি এবং অতি সম্প্রতি মুক্তি পাওয়া স্টিলথ-অ্যাকশন গেম থিক অ্যাজ থিভস-এর পেছনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি সিস্টেম শক ৩ প্রকল্পের সাথেও কাজ করেছিলেন।
অবসরের কারণ প্রসঙ্গে স্পেক্টর জানান, বর্তমানে গেম ব্যবসার ধরন অনেক বদলে গেছে, যা তার কাছে আর আগের মতো উপভোগ্য নয়। এর আগেও তিনি অবসরের কথা ভেবেছিলেন, তবে এবার তিনি তার সিদ্ধান্তে অটল। ভবিষ্যতে লেখালেখি, বই পড়া, লেকচার প্রদান এবং পরামর্শক হিসেবে কাজ করার পরিকল্পনা করছেন তিনি। গেমারদের খেলার স্বাধীনতা এবং সমস্যা সমাধানের ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহারের ধারণা জনপ্রিয় করার ক্ষেত্রে স্পেক্টরের অবদান অনস্বীকার্য।