যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের কেমব্রিজে অবস্থিত জেনারেলিস্ট এআই নামের একটি স্টার্টআপ এমন রোবট তৈরি করছে যা কোনো পূর্বনির্ধারিত প্রশিক্ষণ ছাড়াই নতুন কাজ শিখতে সক্ষম। প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা পিট ফ্লোরেন্স জানিয়েছেন, তাদের তৈরি রোবটগুলো মানুষের মতো করে চিন্তা করতে এবং নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে পারে। এটি এআই খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি মেশিনের মধ্যে নতুন কাজ শেখার সহজাত সক্ষমতা তৈরি করছে।
পরীক্ষামূলকভাবে দেখা গেছে, রোবটগুলো কেবল একটি ছোট ভিডিও ক্লিপ দেখে কাপ সাজানো বা বিভিন্ন জিনিস গুছিয়ে রাখার মতো কাজ দ্রুত আয়ত্ত করতে পারছে। এমনকি কোনো যন্ত্রপাতির অভাব হলে তারা বিকল্প পদ্ধতি বের করতেও পারছে। যেমন, ব্রাশ না থাকায় রোবটটি ডাস্টপ্যান ব্যবহার করেই ব্লক সরানোর কাজ সম্পন্ন করেছে। আবার পার্স খোলার ভিডিও দেখে রোবটটি নিজে থেকেই সেটি খুলে নোট বের করার দক্ষতা প্রদর্শন করেছে। প্রয়োজনে একটি হাত থেকে অন্য হাত ব্যবহারের কৌশলও সেটি রপ্ত করেছে।
জেনারেলিস্ট এআই-এর সহ-প্রতিষ্ঠাতা পিট ফ্লোরেন্স এবং অ্যান্ড্রু ব্যারি, যারা আগে গুগল ডিপমাইন্ড এবং বোস্টন ডাইনামিকসে কাজ করেছেন, তারা রোবটের এই সক্ষমতাকে মানুষের শৈশবের শেখার প্রক্রিয়ার সাথে তুলনা করেছেন। তাদের মতে, রোবটগুলোকে প্রথাগত হাজার হাজার প্রশিক্ষণের বদলে শারীরিক বুদ্ধি বা ফিজিক্যাল ইন্টেলিজেন্স শেখানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
জর্জিয়া টেক-এর রোবোটিক বিশেষজ্ঞ ড্যানফেই জু জানান, এই স্টার্টআপটি বর্তমানে রোবট গবেষণায় অন্যদের চেয়ে অনেক এগিয়ে রয়েছে এবং তাদের প্রযুক্তি বাণিজ্যিক ব্যবহারের জন্য বেশ আশাব্যঞ্জক। তবে প্রতিষ্ঠানটি স্বীকার করেছে যে, এই প্রযুক্তির নির্ভরযোগ্যতা এখনো শতভাগ নয়। বর্তমানে রোবটগুলো গড়ে প্রায় ৫৯ শতাংশ ক্ষেত্রে সফলভাবে কাজ সম্পন্ন করতে পারছে, যা ভবিষ্যতে আরও উন্নতির সুযোগ রয়েছে।