যুক্তরাষ্ট্রের মেডিকেল ল্যাবরেটরি কোয়েস্ট ডায়াগনস্টিকসের সাথে যৌথ উদ্যোগে স্বাস্থ্যসেবার পরিধি বাড়াচ্ছে ফিটনেস ট্র্যাকার নির্মাতা প্রতিষ্ঠান হুপ। প্রতিষ্ঠানটি এখন তাদের ওয়্যারেবল ডিভাইসের সদস্যপদের বাইরে আলাদাভাবে বা ‘আ লা কার্ট’ পদ্ধতিতে রক্ত পরীক্ষার সুবিধা প্রদানের ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা কোনো ধরনের সাবস্ক্রিপশন ছাড়াই ল্যাব টেস্টের সেবা নিতে পারবেন।
নতুন এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘অ্যাডভান্সড ল্যাবস’। এর মাধ্যমে হৃদরোগ, মেটাবলিক স্বাস্থ্য, হরমোন এবং শারীরিক সক্ষমতা সংক্রান্ত ১২২টিরও বেশি বায়োমার্কার পরীক্ষা করা সম্ভব হবে। গ্রাহকরা হুপ অ্যাপের মাধ্যমে টেস্টের বুকিং দিতে পারবেন এবং চিকিৎসকরা পরীক্ষার রিপোর্ট পর্যালোচনার পাশাপাশি একটি অ্যাকশন প্ল্যান প্রদান করবেন।
সেবাটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৯ থেকে ২৯৯ ডলারের মধ্যে। পরীক্ষার ফলাফল পর্যালোচনার পর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক পরামর্শও যুক্ত করা হবে, যার জন্য কোনো ওয়্যারেবল ডিভাইসের প্রয়োজন হবে না। তবে হাওয়াই, ওয়াইওমিং, সাউথ ডাকোটা এবং নর্থ ডাকোটায় বর্তমানে এই সুবিধা পাওয়া যাচ্ছে না। এছাড়া নিউ ইয়র্ক, নিউ জার্সি ও রোড আইল্যান্ডে অতিরিক্ত ফি প্রযোজ্য হবে।
পাশাপাশি হুপ এখন ‘গ্যালারি’ নামক একটি মাল্টি-ক্যান্সার আর্লি ডিটেকশন টেস্টও চালু করেছে। গ্রেইল ক্লিনিক্যাল ল্যাবরেটরির তৈরি এই পরীক্ষাটি ৭৯৯ ডলারে পাওয়া যাবে, যা প্রায় ৫০টিরও বেশি ধরনের ক্যান্সারের সংকেত শনাক্ত করতে সক্ষম। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি কোনো চূড়ান্ত রোগ নির্ণয় নয় এবং নিয়মিত ক্যান্সার স্ক্রিনিংয়ের বিকল্পও নয়।
ওয়্যারেবল প্রযুক্তির বাজারে এটি একটি নতুন ধারা হিসেবে দেখা হচ্ছে। ওরা এবং আল্ট্রাহিউম্যানের মতো প্রতিষ্ঠানগুলো আগে থেকেই ল্যাব টেস্টের সুবিধা দিচ্ছে, তবে তারা মূলত তাদের মেম্বারশিপ প্ল্যানের আওতায় এই সেবা প্রদান করে। হুপের এই সাবস্ক্রিপশন-মুক্ত মডেল স্বাস্থ্যপ্রযুক্তি খাতে নতুন প্রতিযোগিতার ইঙ্গিত দিচ্ছে।