যুক্তরাষ্ট্রের বাজারে হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান রিট্রয়েড পকেট তাদের নতুন সংস্করণ ‘ডুও লাইট প্লাস’ বাজারে আনার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রাহকদের মতামতের ভিত্তিতে ডুও এবং ডুও লাইটের পাশাপাশি নতুন এই মডেলটি বাজারে আনা হয়েছে। মূলত যারা ডুও মডেলটিকে বড় মনে করছেন এবং ডুও লাইটের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন না, তাদের জন্য নতুন এই ডিভাইসটি গুরুত্বপূর্ণ।
ডিভাইসটির বৈশিষ্ট্য
ডুও লাইট প্লাস মডেলটি আগের ডুও লাইটের মতো স্লিম বা পাতলা আকৃতির হলেও এতে শক্তিশালী কোয়ালকম ড্রাগনউইং কিউ-৭৭৯০ প্রসেসর যুক্ত করা হয়েছে, যা আগে শুধুমাত্র ব্যয়বহুল ডুও মডেলে পাওয়া যেত। নতুন এই হ্যান্ডহেল্ড ডিভাইসটির প্রি-অর্ডারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২১৯ ডলার। তবে আর্লি বার্ড ডিসকাউন্ট কোড ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা এটি ১৯৯ ডলারে কিনতে পারবেন। প্রতিষ্ঠানটি আশা করছে, নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ডিভাইসটির শিপমেন্ট শুরু হবে।
গ্রাহকদের জন্য সুযোগ
নতুন এই সংস্করণ ঘোষণার পরপরই যারা আগে ডুও লাইট অর্ডার করেছিলেন, তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরিস্থিতি সামলাতে রিট্রয়েড পকেট জানিয়েছে, তারা ডুও লাইট শিপমেন্ট কয়েকদিনের জন্য স্থগিত রাখছে। এর ফলে গ্রাহকরা নতুন মডেলটির সাথে পার্থক্য যাচাই করার সুযোগ পাবেন। ইতিমধ্যে যারা অর্ডার করেছেন, তারা চাইলে মূল অর্ডারটি বহাল রাখতে পারেন অথবা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ডুও লাইট প্লাস মডেলে এক্সচেঞ্জ করার সুযোগ পাবেন। এই পুরো প্রক্রিয়ার শিপিং খরচ প্রতিষ্ঠানটি নিজেরাই বহন করবে বলে জানিয়েছে।