যুক্তরাজ্যের লন্ডনের এনফিল্ডে শিক্ষানবিশ কার্যক্রমকে আরও গতিশীল করতে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে কর ছাড় দেওয়ার প্রস্তাব করেছে রাজনৈতিক দল রিফর্ম ইউকে। দলের শিক্ষা মুখপাত্র সুয়েলা ব্র্যাভারম্যান জানান, ক্ষমতায় গেলে তাদের সরকার ১৬ থেকে ১৮ বছর বয়সী শিক্ষানবিশদের মজুরির ওপর ছোট ও মাঝারি ব্যবসাগুলোকে ৩০ শতাংশ কর ছাড় দেবে। এই উদ্যোগের মাধ্যমে দেশে দক্ষতাভিত্তিক বিপ্লব ঘটানোর আশা করছে দলটি।
পরিকল্পনা অনুযায়ী, শিক্ষানবিশদের মজুরির একটি অংশ করদাতাদের অর্থ থেকে মেটানো হবে। এছাড়া শিক্ষানবিশ সম্পন্ন করার পর যারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আরও দুই বছর কাজ করবেন, তাদের ২ হাজার পাউন্ডের করমুক্ত বোনাস দেওয়া হবে। আগামী সংসদীয় মেয়াদের শেষ নাগাদ প্রতি বছর ৬ লাখ শিক্ষানবিশ নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রিফর্ম ইউকে।
ব্র্যাভারম্যান তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের তথাকথিত ডিগ্রির পেছনে না ছুটে বরং কারিগরি পেশা শিখতে। তিনি জেন্ডার স্টাডিজ বা গলফ কোর্স স্টাডিজের মতো বিষয়গুলোকে অকার্যকর হিসেবে অভিহিত করে বিশ্ববিদ্যালয়গুলোকে কারিগরি কলেজে রূপান্তরের পরামর্শ দেন।
রিফর্ম ইউকের এই ব্যয়বহুল প্রস্তাব বাস্তবায়নের জন্য বিদেশি শিক্ষার্থীদের সরকারি ঋণ সুবিধা বন্ধ করার পরিকল্পনা রয়েছে। তবে লেবার পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দল এই প্রস্তাবের সমালোচনা করেছে। তাদের মতে, এটি বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ খাতকে ক্ষতিগ্রস্ত করবে। বর্তমানে ব্রিটিশ সরকারও তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসংস্থানমূলক কর্মসূচি চলমান রেখেছে বলে জানিয়েছে।