যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপল তাদের ভিশন প্রো এবং সিরি সফটওয়্যার বিভাগ থেকে ২০০ জনেরও বেশি কর্মীকে ছাঁটাই করেছে। ব্লুমবার্গের মার্ক গুরম্যানের প্রতিবেদন অনুযায়ী, স্মার্ট গ্লাস এবং পরবর্তী প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে নিজেদের মনোযোগ স্থানান্তরের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ছাঁটাই হওয়া ২০০ কর্মীর মধ্যে ১০০ জন ভিশন প্রো বিভাগের এবং বাকি ১০০ জন সিরি ও সংশ্লিষ্ট সফটওয়্যার বিভাগের কর্মী। মূলত গেমিং এবং ইমারসিভ ভিডিও তৈরির সাথে যুক্ত কর্মীদের ভিশন প্রো বিভাগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, নতুন এলএলএম-ভিত্তিক এআই সিস্টেমের জন্য ভিন্ন দক্ষতার প্রয়োজন হওয়ায় সিরি বিভাগের পুরোনো সিস্টেমের সাথে সংশ্লিষ্ট কর্মীদের ছাঁটাই করা হয়েছে।
অ্যাপল এক বিবৃতিতে জানিয়েছে, পণ্যের কৌশলে পরিবর্তনের কারণে টিমগুলোকে নতুনভাবে সাজানো হচ্ছে। কোম্পানিটি জানিয়েছে, পরিবর্তনের ফলে কিছু কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হলেও তারা নতুন পদ তৈরি করছে এবং ছাঁটাই হওয়া কর্মীদের অ্যাপলের অন্য কোনো পদে আবেদনের সুযোগসহ ট্রানজিশনের সময় সহায়তা করা হবে।
ভিশন প্রো’র উচ্চমূল্য এবং ব্যবহারকারীদের কাছে এর সীমাবদ্ধতার কারণে ইমারসিভ ভিডিও তৈরিতে অ্যাপল বিনিয়োগ কমাতে চাচ্ছে। যদিও কোম্পানিটি আশ্বস্ত করেছে যে, ভিশন প্রো এবং ভিশন ওএস বন্ধ হয়ে যাচ্ছে না এবং ২০২৮ সালের মধ্যে নতুন মডেল বাজারে আসার পরিকল্পনা রয়েছে। তবে বর্তমানে কোম্পানিটি মেটা’র আদলে এআই-চালিত স্মার্ট গ্লাস তৈরিতে বেশি গুরুত্ব দিচ্ছে।