যুক্তরাষ্ট্রের আরকানসাসে অবস্থিত ওয়ালমার্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাদের স্টোরগুলোতে ট্যাপ-টু-পে পেমেন্ট ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা এখন থেকে অ্যাপল পে, গুগল পে এবং অন্যান্য এনএফসি (NFC) ভিত্তিক প্রযুক্তির মাধ্যমে কেনাকাটার মূল্য পরিশোধ করতে পারবেন। বিশ্বের অন্যতম বৃহৎ খুচরা বিক্রেতা হিসেবে ওয়ালমার্ট এতদিন নিজস্ব পেমেন্ট ব্যবস্থা ‘ওয়ালমার্ট পে’ ব্যবহারের ওপর জোর দিচ্ছিল, তবে গ্রাহক সুবিধার কথা মাথায় রেখে তারা এই নতুন প্রযুক্তি গ্রহণ করলো।
বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় ৮৫ শতাংশ খুচরা প্রতিষ্ঠানে ট্যাপ-টু-পে সুবিধা রয়েছে। দ্রুত ও নিরাপদ লেনদেনের জন্য এই পদ্ধতি অত্যন্ত জনপ্রিয়। ট্যাপ-টু-পে ব্যবস্থায় পেমেন্ট তথ্য এনক্রিপ্ট করা থাকে, যা গ্রাহকের তথ্যের সুরক্ষা নিশ্চিত করে।
ওয়ালমার্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সুবিধার পাশাপাশি তাদের নিজস্ব কিউআর কোড ভিত্তিক ‘ওয়ালমার্ট পে’ ব্যবস্থাটিও চালু থাকবে। মূলত লেনদেন ফি সাশ্রয় এবং গ্রাহকদের কেনাকাটার ধরণ বিশ্লেষণের জন্য প্রতিষ্ঠানটি নিজস্ব সিস্টেম চালু রেখেছিল।
বিশেষজ্ঞদের মতে, ওয়ালমার্ট তাদের নিজস্ব পেমেন্ট ব্যবস্থা টিকিয়ে রাখতে হয়তো ভবিষ্যতে বিশেষ ছাড় বা লয়্যালটি প্রোগ্রামের মতো সুবিধা প্রদান করতে পারে, যেমনটি তারা বর্তমানে পেট্রোল পাম্পগুলোতে ব্যবহারকারীদের বিশেষ মূল্যছাড় দিয়ে থাকে। তবে সহজতর হওয়ার কারণে সাধারণ ক্রেতাদের বড় একটি অংশ এখন থেকে ট্যাপ-টু-পে পদ্ধতির দিকে ঝুঁকে পড়বে বলে ধারণা করা হচ্ছে।