যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে জনপ্রিয় গেম গ্র্যান্ড থেফট অটো (জিটিএ) ৬-এর তথ্য ফাঁসের সাথে জড়িতদের খুঁজে বের করতে মাইক্রোসফট এবং ডিসকর্ডের বিরুদ্ধে সাবপোনা বা তলবি নোটিশের আবেদন করেছে টেক-টু ইন্টারঅ্যাক্টিভ। গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমসের মূল কোম্পানি টেক-টু জানিয়েছে, তাদের কপিরাইট করা তথ্য যারা ফাঁস করেছে তাদের শনাক্ত করতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
মাইক্রোসফটের কাছে টেক-টু এমন একটি গিটহাব রিপোজিটরির তথ্য চেয়েছে, যেখানে গেমের অডিও-ভিজ্যুয়াল কন্টেন্ট, আর্টওয়ার্ক এবং সংলাপসহ বিভিন্ন সৃজনশীল উপাদান সংরক্ষিত ছিল। বিশেষ করে ‘সাইবারলিক’ নামক ছদ্মনামের ব্যক্তির বিরুদ্ধে মাইক্রোসফটের অভ্যন্তরীণ তদন্তে পাওয়া ব্যবসায়িক ও অনুসন্ধানমূলক রেকর্ডগুলো হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে।
ডিসকর্ডের কাছে টেক-টু বেশ কিছু অ্যাকাউন্ট ও সার্ভারের তথ্য চেয়েছে। এর মধ্যে রয়েছে সাইবারলিক, সিনেম্যাটিকরকস্টার ও সারফার২৪কে নামের ব্যবহারকারী এবং ডার্কভাইপারএইউ ও ওডিসি নামক সার্ভারগুলো। কোম্পানিটি এসব অ্যাকাউন্টের সাথে যুক্ত নাম, ফোন নম্বর, লিঙ্ক করা অ্যাকাউন্ট এবং জিটিএ সম্পর্কিত শেয়ার করা যেকোনো তথ্যের বিস্তারিত চেয়েছে।
গত ১৮ আগস্ট থেকে জিটিএ ৬-এর ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। টেক-টু তাৎক্ষণিকভাবে এগুলো সরিয়ে ফেলার অনুরোধ জানালেও ফাঁস হওয়া থামানো সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে আগামী ২৭ আগস্ট নেটফ্লিক্সের মাধ্যমে গেমটির একটি বর্ধিত অংশ প্রচারের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।
এর আগে ২০২২ সালেও জিটিএ ৬-এর তথ্য ফাঁসের ঘটনা ঘটেছিল। ল্যাপসাস হ্যাকিং গ্রুপের এক ১৮ বছর বয়সী সদস্য অ্যামাজন ফায়ার টিভি স্টিক ব্যবহার করে গেমটির তথ্য ফাঁস করেছিল। ওই ঘটনায় আদালত অভিযুক্তকে অনির্দিষ্টকালের জন্য হাসপাতালে রাখার নির্দেশ দিয়েছিলেন।