যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে ইউএসনিক্স সাইবার সিকিউরিটি কনফারেন্সে ম্যাসাচুসেটস আমহার্স্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন যে, মেয়াদোত্তীর্ণ ভিসা কার্ড ব্যবহার করে জালিয়াতি করা সম্ভব। গবেষকদের মতে, প্রতারকরা একটি বিশেষ অ্যাপ এবং দুটি ফোনের সমন্বয়ে তৈরি প্রযুক্তির মাধ্যমে পুরনো কার্ডকে সচল বা ‘জোম্বি’ করে কন্টাক্টলেস পেমেন্ট সম্পন্ন করতে পারে।
কেন গুরুত্বপূর্ণ
গবেষকদের তথ্য অনুযায়ী, ভিসা কার্ডের লেনদেন যাচাই করার প্রক্রিয়া ব্যাংকগুলোর ওপর নির্ভরশীল। কিন্তু ভিসা কার্ডের নিরাপত্তার ত্রুটির কারণে অনেক ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ কার্ড দিয়েও লেনদেন সফল হয়। প্রতারকরা পরিত্যক্ত বা ফেলে দেওয়া কার্ড খুঁজে নিয়ে এই কৌশলে প্রকৃত মালিকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিতে পারে। বিশেষ করে যেখানে কোনো মানুষের উপস্থিতি ছাড়াই পেমেন্ট টার্মিনাল কাজ করে, সেখানে এই জালিয়াতির ঝুঁকি বেশি থাকে।
সতর্কতা
গবেষকরা পরামর্শ দিয়েছেন, ক্রেডিট কার্ডের মেয়াদ শেষ হয়ে গেলে তা সাধারণ ডাস্টবিনে না ফেলে কাঁচি দিয়ে কেটে টুকরো টুকরো করে ধ্বংস করা উচিত। এতে কার্ডটি আর কোনোভাবেই পুনরায় ব্যবহারযোগ্য করার সুযোগ থাকবে না। এই জালিয়াতি নিয়ে ভিসা কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।