যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারীদের অ্যাপের বাইরের কার্যক্রম পর্যবেক্ষণ করে ইনস্টাগ্রাম বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রদর্শন করে। যদিও মেটা দাবি করেছে, ফোনের মাইক্রোফোন ব্যবহার করে কথোপকথন শোনার কোনো সুযোগ নেই, তবে বিজ্ঞাপন আরও নিখুঁত করতে তারা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে থাকে। ব্যবহারকারীরা চাইলে তাদের ডেটা ব্যবহারের পরিধি কিছুটা সীমিত করতে পারেন।
অন্যান্য ব্যবসার তথ্য থেকে বিজ্ঞাপন নিয়ন্ত্রণ
মেটা গত জুলাই মাসে ‘অ্যাক্টিভিটি ফ্রম আদার বিজনেস’ নামে একটি নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে। এর মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব তথ্য ব্যবহার করে ব্যবহারকারীকে বিজ্ঞাপন বা ফিড কনটেন্ট দেখাতে পারবে কি না, তা নির্ধারণ করা যায়। ইনস্টাগ্রাম প্রোফাইলের সেটিংস থেকে অ্যাকাউন্টস সেন্টারে গিয়ে এই অপশনটি পরিবর্তন করা সম্ভব। এটি ব্যবহারকারীর অ্যাপের বাইরের কার্যক্রমকে বিজ্ঞাপনের উদ্দেশ্যে ব্যবহার করা থেকে বিরত রাখবে।
ফোন ও অ্যাকাউন্টের অ্যাক্সেস সীমাবদ্ধ করা
আইফোনের প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেটিংসে গিয়ে ট্র্যাকিং অপশন থেকে ইনস্টাগ্রামের অনুমতি বন্ধ করা যায়। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অ্যাপের পারমিশন সেকশনে গিয়ে লোকেশন, ক্যামেরা বা মাইক্রোফোনের মতো অপ্রয়োজনীয় অ্যাক্সেস বন্ধ করতে পারেন। এছাড়া অ্যাকাউন্টস সেন্টারে গিয়ে কন্টাক্ট আপলোড অপশন থেকে ফোনের কন্টাক্ট সিনকিং বন্ধ করা সম্ভব। এতে ভবিষ্যতে নতুন করে কন্টাক্ট সিঙ্ক হওয়া আটকানো যাবে।
এআই চ্যাট থেকে তথ্য সীমিত করা
মেটা কর্তৃপক্ষ গত ডিসেম্বর থেকে এআই ফিচারের সঙ্গে ব্যবহারকারীর আলাপচারিতাকে বিজ্ঞাপন ও কনটেন্ট পার্সোনালাইজেশনের কাজে ব্যবহার করছে। তবে ব্যবহারকারীরা চাইলে এআই চ্যাটবক্সে ‘/reset-ai’ কমান্ডটি টাইপ করে এআইয়ের স্মৃতি থেকে সেই কথোপকথনের তথ্য মুছে ফেলতে পারেন। এতে এআই ওই নির্দিষ্ট কথোপকথনের তথ্য সংরক্ষণ করবে না। তবে ব্যক্তিগত সংবেদনশীল তথ্য বা আর্থিক তথ্য এআই চ্যাটে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।