যুক্তরাজ্যের একটি গ্যাস-চালিত ছোট বিদ্যুৎ কেন্দ্রে সাইবার হামলার পর দেশটির জ্বালানি কোম্পানিগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি ঘটার পর নিরাপত্তা কর্মকর্তারা জ্বালানি খাতের শীর্ষ কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেছেন এবং পরিস্থিতি মোকাবেলায় পরবর্তী করণীয় সম্পর্কে নির্দেশনা দিয়েছেন।
হামলার শিকার স্থাপনাটি মূলত ‘পিকার’ প্ল্যান্ট হিসেবে পরিচিত, যা চাহিদার শীর্ষে থাকা সময়ে বিদ্যুৎ সরবরাহে কাজ করে। এই ঘটনার পর জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ নজরদারি শুরু করেছে।
নিরাপত্তা বাহিনীর তরফ থেকে কোম্পানিগুলোকে সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে হামলার ঝুঁকি ও এর সম্ভাব্য প্রভাব কমাতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যুৎ উৎপাদন ও বিতরণে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়টিকেই এখন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।