যুক্তরাজ্যের উত্তর ওয়েলসের কারনারফনে কিউআর কোড ব্যবহার করে পার্কিং অ্যাপ ডাউনলোড করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন লেস হাওয়ার্ড নামের ৬১ বছর বয়সী এক ব্যক্তি। তিনি জানিয়েছেন, গাড়ি পার্কিংয়ের জন্য খুচরা টাকা না থাকায় পার্কিং মিটারে থাকা কিউআর কোড স্ক্যান করে অ্যাপটি নামিয়েছিলেন। এই প্রতারণার ফলে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৬০ পাউন্ড করে অর্থ চুরি করেছে অপরাধীরা। বিষয়টি নিয়ে তিনি ব্যাংক কর্তৃপক্ষের সহায়তা নিয়েছেন।
ঘটনার বিবরণ দিয়ে হাওয়ার্ড বলেন, তিনি সাধারণত পার্কিংয়ের জন্য টাকা সাথে রাখেন, কিন্তু সেই দিন তা ছিল না। পার্কিং মিটারে থাকা কিউআর কোডটি স্ক্যান করে একটি অ্যাপ নামাতে হয়। সন্দেহ হওয়ার পর তিনি অ্যাপটি মুছে ফেললেও ততক্ষণে তার অ্যাকাউন্ট থেকে অর্থ খোয়া গেছে। ব্যাংক কর্তৃপক্ষ তাকে জানায় যে, তার কার্ডের তথ্য ব্যবহার করে প্রতারকরা মাসিক ৬০ পাউন্ডের একটি সাবস্ক্রিপশন চালু করে দিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ সিঙ্গার গুইনেড জানিয়েছে, তাদের পার্কিংয়ের ক্ষেত্রে কোনো কিউআর কোড ব্যবহার করা হয় না। গত এক বছরে তারা পার্কিং এলাকা থেকে অন্তত দুটি ভুয়া কিউআর কোড স্টিকার অপসারণ করেছে।
প্রতারণার ধরন ও সতর্কতা
রিপোর্ট ফ্রড-এর তথ্য অনুযায়ী, গত চার বছরে কিউআর কোড সংক্রান্ত প্রতারণার হার সাতশ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র (এনসিএসসি) বলছে, কিউআর কোডের মাধ্যমে ভুয়া অ্যাপ ডাউনলোড করানো, ব্যাংকিং তথ্য চুরি করা বা মেসেজিং অ্যাপের নিয়ন্ত্রণ নেওয়ার মতো ঘটনা বাড়ছে। বিশেষজ্ঞ ও সরকারি সংস্থাগুলো জনগণকে অপরিচিত বা সন্দেহজনক কিউআর কোড স্ক্যান না করার পরামর্শ দিয়েছে। তারা ফোনের বিল্ট-ইন ক্যামেরা ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করার ওপর জোর দিচ্ছে, যাতে কোনো থার্ড-পার্টি অ্যাপের মাধ্যমে তথ্য চুরির ঝুঁকি না থাকে।