যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে অবস্থিত ইউনিভার্সিটি অব টেক্সাসের গবেষকরা এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে দাঁতের স্থায়ী জিরকোনিয়া ক্রাউন বা মুকুট এখন থেকে ৩০ মিনিটেরও কম সময়ে থ্রিডি প্রিন্ট করা সম্ভব হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. মজিদ মিনারি জানিয়েছেন, এই নতুন পদ্ধতির ফলে রোগীরা এখন থেকে মাত্র এক দিনের ব্যবধানেই তাদের দাঁতের স্থায়ী চিকিৎসা সম্পন্ন করতে পারবেন, যা আগে প্রায় ২০ থেকে ১০০ ঘণ্টা পর্যন্ত সময় নিতে পারত।
বর্তমানে ডেন্টিস্টরা সাধারণত দাঁতের ক্ষয় বা আঘাতজনিত সমস্যার সমাধানে জিরকোনিয়া ব্যবহার করেন, কারণ এটি অত্যন্ত মজবুত ও টেকসই। তবে এতদিন এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগত। প্রচলিত পদ্ধতির মূল সীমাবদ্ধতা ছিল ‘ডি-বাইন্ডিং’ বা রেজিন অপসারণের ধাপ, যেখানে দাঁতের ক্রাউন থেকে রেজিন সরিয়ে ফেলার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন হতো। দ্রুত করার চেষ্টা করলে ক্রাউনে ফাটল বা মাইক্রো-ক্র্যাকিংয়ের ঝুঁকি তৈরি হতো।
গবেষক দল এই সমস্যার সমাধানে উন্নত তাপ স্থানান্তর প্রক্রিয়া এবং পোরস গ্রাফাইট ফেল্ট ব্যবহার করেছেন, যা তাপমাত্রা ২৫৫০ ডিগ্রি ফারেনহাইটের উপরে নিয়ে যেতে সক্ষম। এর সাথে একটি ভ্যাকুয়াম সিস্টেম যুক্ত করা হয়েছে, যা রেজিন থেকে নির্গত গ্যাস দ্রুত অপসারণ করে ক্রাউনের স্থায়িত্ব নিশ্চিত করে।
ড. মজিদ মিনারি বলেন, এই উদ্ভাবনটি দাঁতের চিকিৎসায় ব্যক্তিগতকরণ এবং দ্রুত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনবে। বর্তমানে গবেষক দলটি প্যান-এএম ডেন্টাল ল্যাবরেটরিসহ অন্যান্য অংশীদারদের সাথে নিয়ে এই প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে বাজারে আনার লক্ষ্যে কাজ করছেন। তবে সাধারণ মানুষের ব্যবহারের আগে এই পদ্ধতিটির ক্লিনিক্যাল যাচাই এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন।