যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন নৌবাহিনী ‘ম্যালিস’ (Malice) নামে নতুন প্রজন্মের একটি দীর্ঘপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে। দেশটির নৌবাহিনীর তথ্য অনুযায়ী, এই এআইএম-৪২৪ (AIM-424) ক্ষেপণাস্ত্রটি ২৫০ নটিক্যাল মাইলের (প্রায় ২৮৭.৭ মাইল) বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
নৌবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, অত্যাধুনিক হুমকি মোকাবিলা এবং বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই নতুন ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হচ্ছে। ম্যালিস ব্যবহারের ফলে নৌ ও মেরিন এভিয়েশন বাহিনীর দূরপাল্লার লড়াইয়ে কার্যকারিতা এবং প্রাণঘাতী ক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এটি মূলত সমন্বিত প্রতিরোধ ব্যবস্থার অংশ হিসেবে কাজ করবে।
অপারেশনাল নিরাপত্তার খাতিরে ক্ষেপণাস্ত্রটির নির্দিষ্ট সক্ষমতা ও ব্যবহারের সময়সীমা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে নৌবাহিনীর তথ্য অনুযায়ী, ১৩.৫ ফুট দৈর্ঘ্য এবং ১৩.৫ ইঞ্চি ব্যাসের এই ক্ষেপণাস্ত্রটি চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের সঙ্গে ব্যবহার উপযোগী করে ডিজাইন করা হয়েছে।
ইতিমধ্যে এফ/এ-১৮ই সুপার হর্নেট যুদ্ধবিমানে পরীক্ষামূলকভাবে চারটি ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে দেখা গেছে। এছাড়া এফ-৩৫সি যুদ্ধবিমানের ইন্টারনাল ওয়েপন বে-তে একটি ম্যালিস ক্ষেপণাস্ত্র স্থাপনের ছবিও প্রকাশ করেছে নৌবাহিনী।
প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান রেথিয়ন (Raytheon) জানিয়েছে, ম্যালিস প্রকল্পের কাজ চলমান রয়েছে। রেথিয়নের প্রেসিডেন্ট ফিল জ্যাসপার এক বিবৃতিতে বলেন, এই ক্ষেপণাস্ত্রটি দূরপাল্লার আকাশযুদ্ধের ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে, যা যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সক্ষম।