যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপে অবস্থিত ড্যানিয়েল কে ইনুয়ে সোলার টেলিস্কোপের মাধ্যমে সূর্যের পৃষ্ঠতলের সর্বোচ্চ রেজোলিউশনের নতুন ভিডিও ও সিমুলেশন চিত্র ধারণ করা হয়েছে। বিশ্বের বৃহত্তম এই সৌর দূরবীনটি মাউইয়ের হালিয়ালা আগ্নেয়গিরির চূড়ায় অবস্থিত। এই চিত্রগুলোর মাধ্যমে বিজ্ঞানীরা সূর্যের পৃষ্ঠতলের এমন সব খুঁটিনাটি দেখার সুযোগ পেয়েছেন যা আগে কখনো সম্ভব হয়নি।
নতুন এসব ছবিতে সূর্যের পৃষ্ঠতলে প্লাজমার ঘূর্ণায়মান গতিবিধি স্পষ্ট হয়ে উঠেছে। বিভিন্ন ঘনত্বের তরল একে অপরের পাশ দিয়ে প্রবাহিত হওয়ার সময় তাদের মিলনস্থলে ঘূর্ণন তৈরি হয়, যা অনেকটা সামুদ্রিক ঢেউ বা হারিকেনের গতির মতো। এই দৃশ্যগুলো সূর্যের পৃষ্ঠতলে কী ঘটছে, তা নিয়ে বিজ্ঞানীদের দীর্ঘদিনের তাত্ত্বিক ধারণাকে জোরালোভাবে সমর্থন করছে।
কেন গুরুত্বপূর্ণ
সূর্যের পৃষ্ঠতলের এই জটিল মিথস্ক্রিয়া বোঝা মহাকাশের আবহাওয়া পূর্বাভাসের জন্য অত্যন্ত জরুরি। বিশেষ করে ‘করোনাল মাস ইজেকশন’ বা সূর্যের প্রচণ্ড বিস্ফোরণ সম্পর্কে আগাম ধারণা পাওয়া গেলে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ গ্রিড ও অন্যান্য অবকাঠামোগত ক্ষয়ক্ষতি রোধ করা সহজ হবে। সূর্যের সুরক্ষা বলয় এবং পৃথিবীর ওপর এর প্রভাব পর্যবেক্ষণ করতে এই টেলিস্কোপটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।