জার্মানির বার্লিনে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া আইএফএ প্রদর্শনীতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নতুন হেডফোন ‘প্লড ওয়ান’ প্রদর্শনের ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান প্লড। নোট-টেকিংয়ের ক্ষেত্রে এআইয়ের ব্যবহারকে আরও সহজ ও কার্যকর করতেই এই ডিভাইসটি বাজারে আনছে প্রতিষ্ঠানটি।
ডিভাইসটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ-প্রতিষ্ঠাতা নাথান জু জানিয়েছেন, মানুষের উদ্দেশ্য বা লক্ষ্য বোঝার ক্ষেত্রে কথোপকথনের প্রেক্ষাপট খুবই গুরুত্বপূর্ণ, যা এই ডিভাইসের মাধ্যমে সম্ভব হবে।
প্লড ওয়ান হেডফোনটি ই-সিম ও ফোরজি এলটিই সুবিধা দিয়ে তৈরি করা হয়েছে, যা ব্যবহারকারীর আশেপাশের কথোপকথন এবং ফোন কল রেকর্ড করতে পারে। এই রেকর্ডিং থেকে এআই সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সক্রিপশন, সামারি ও মিটিং রিপোর্ট তৈরি করা সম্ভব। এছাড়া গুগল, জিমেইল, স্ল্যাক ও নোশনের মতো প্ল্যাটফর্মের সঙ্গেও এটি যুক্ত করা যাবে।
নতুন এই হেডফোনের অন্যতম বৈশিষ্ট্য হলো এর দ্বিমুখী কথোপকথন সুবিধা। ব্যবহারকারী সরাসরি এআই এজেন্টের সঙ্গে কথা বলে বিভিন্ন নির্দেশনা দিতে পারবেন। এর জন্য হেডফোন পরা অবস্থায় ‘হে’ প্লড’ বলে অথবা কেসের বাটন চেপে এআই সক্রিয় করা যাবে।
ডিভাইসটির ডিজাইন সাধারণ ইয়ারবাডের মতোই রাখা হয়েছে। বর্তমানে প্লড ওয়ান এক্সপ্লোরার এডিশনটি প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত করা হয়েছে, যার দাম ধরা হয়েছে ২২৯ পাউন্ড। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের শেষের দিকে এই হেডফোন বাজারজাত শুরু হবে।