যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নাসার রকেট ইঞ্জিন তৈরিতে ব্যবহৃত উচ্চক্ষমতাসম্পন্ন ধাতু ‘জিআরকপ-৪২’ (GRCop-42) থ্রিডি প্রিন্ট করার একটি দ্রুত ও সাশ্রয়ী পদ্ধতি উদ্ভাবন করেছেন। গবেষক দলের প্রধান এবং কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক জানা ডোপ্পা জানান, এই প্রযুক্তির মাধ্যমে সাধারণ বাণিজ্যিক প্রিন্টার ব্যবহার করেই জটিল ও ব্যয়বহুল এই ধাতব সংকরটি প্রিন্ট করা সম্ভব হবে।
জিআরকপ-৪২ তামা, ক্রোমিয়াম এবং নিওবিয়ামের একটি সংকর ধাতু, যা নাসার রকেট ইঞ্জিনের দহন প্রকোষ্ঠের মতো চরম তাপমাত্রার পরিবেশে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। তবে এই ধাতু থ্রিডি প্রিন্ট করা অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল, কারণ এতে প্রচুর লেজার শক্তি ও বিশেষ যন্ত্রপাতির প্রয়োজন হয়। প্রচলিত পদ্ধতিতে ১০ কোটি সম্ভাব্য সেটিংস বা কনফিগারেশন থেকে সঠিকটি খুঁজে বের করা ছিল অসম্ভব।
গবেষকরা এআই মডেল ব্যবহার করে ১০ কোটি সম্ভাব্য উপায়ের মধ্যে থেকে মাত্র ৪০টি পরীক্ষা চালিয়ে ছয়টি সফল কনফিগারেশন শনাক্ত করেছেন। এর মধ্যে ৫০০ ওয়াট লেজার পাওয়ার ব্যবহার করে ধাতুটিকে প্রিন্ট করা সম্ভব হয়েছে, যা আগের যেকোনো পদ্ধতির চেয়ে অনেক কম।
এই সাফল্যের ফলে বিশ্ববিদ্যালয়, ছোট গবেষণাগার এবং কোম্পানিগুলো এখন সহজেই এই বিশেষ ধাতু ব্যবহারের সুযোগ পাবে। গবেষকদের মতে, এটি কেবল রকেট ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরির খরচই কমাবে না, বরং ভবিষ্যতে ওষুধ আবিষ্কারসহ বিজ্ঞানের অন্যান্য জটিল সমস্যা সমাধানেও এআই-নির্ভর এই পরীক্ষা পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।