রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে প্রশাসন কমিটিকে তিন কার্যদিবস সময় বেঁধে দিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তদন্ত কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলো পরিদর্শন করেন। তারা সংঘর্ষে ক্ষতিগ্রস্ত দরজা-জানালা ও বিভিন্ন স্থাপনা ঘুরে দেখার পাশাপাশি প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন।
তদন্ত কমিটির প্রধান অধ্যাপক সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। তিনি আরও জানান, এই সংঘর্ষে রসায়ন বিভাগের পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে একজন গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ঘটনার সময় উপস্থিত শিক্ষার্থী, সহকারী প্রক্টর এবং প্রক্টরের সঙ্গে কথা বলে পূর্ণাঙ্গ তদন্ত চালানো হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ আগামী রোববারের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রশাসনের কাছে জমা দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, বুধবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন। কমিটির অন্য দুই সদস্য হলেন দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক আরিফুল ইসলাম এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক সাহাল উদ্দিন।