যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাডোবি তাদের ইমেজ এডিটিং সফটওয়্যার ফটোশপে ‘এআই অ্যাসিস্টেড এডিটর’ নামে একটি নতুন এআই মোড যুক্ত করার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, নতুন এই ফিচার ব্যবহারকারীদের কেবল স্বাভাবিক ভাষার নির্দেশ বা প্রম্পট লিখে ছবি সম্পাদনার সুযোগ দেবে। প্রথাগত প্রো এডিটরের পাশাপাশি এটি বাড়তি সুবিধা হিসেবে কাজ করবে।
বর্তমানে এই এআই অ্যাসিস্টেড এডিটরটি ফটোশপের বিটা সংস্করণে পরীক্ষাধীন রয়েছে, যার মাসিক সাবস্ক্রিপশন ফি ২৩ ডলার।
নতুন এই মোডে প্রম্পট টু এডিট, ব্যাকগ্রাউন্ড রিমুভ, জেনারেটিভ এক্সপ্যান্ড, জেনারেটিভ রিমুভ, জেনারেটিভ ফিল, জেনারেটিভ আপস্কেল এবং এআই মার্কআপ—এই সাতটি ফাংশন রয়েছে। ব্যবহারকারীরা খুব সহজেই টেক্সট প্রম্পটের মাধ্যমে ছবির বিষয়বস্তু পরিবর্তন করতে পারবেন। উদাহরণস্বরূপ, সমুদ্র সৈকতের কোনো ছবিকে টেক্সট কমান্ডের মাধ্যমে পাহাড়ের দৃশ্য হিসেবে রূপান্তর করা সম্ভব।
অ্যাডোবি তাদের অন্যান্য ফিচারের মধ্যে লাইট অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ইন্সট্রাক্ট এডিট উইথ মাস্কস এবং মার্কআপ টুলও চালু করেছে। লাইট অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহারকারীদের এক্সপোজার, কন্ট্রাস্ট এবং শ্যাডোর মতো আলোক নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। এছাড়া মার্কআপ টুলের সাহায্যে ছবির নির্দিষ্ট স্থানে আঁকার মাধ্যমে এআই-কে সুনির্দিষ্ট পরিবর্তনের নির্দেশনা দেওয়া যাবে।
অ্যাডোবি গত কয়েক মাস ধরে ফটোশপ, প্রিমিয়ার প্রো, ইনডিজাইন এবং ইলাস্ট্রেটরের মতো তাদের বিভিন্ন সফটওয়্যারে নিয়মিত কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা যুক্ত করে আসছে। এর আগে ওপেনএআই-এর সাথে যৌথভাবে চ্যাটজিপিটিতেও ছবি ও ভিডিও এডিটিংয়ের সক্ষমতা যুক্ত করেছে প্রতিষ্ঠানটি।