যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম জেডডিএনইটি (ZDNET)-এর বিশ্লেষণে উঠে এসেছে নতুন অপারেটিং সিস্টেম ‘স্টিলওএস’-এর কার্যকারিতার কথা। লেখক জ্যাক ওলেনের মতে, লিনাক্স অপারেটিং সিস্টেমের জগতে সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি এখন পর্যন্ত সবচেয়ে সহজ ও সাবলীল অনবোর্ডিং বা শুরুর অভিজ্ঞতা প্রদান করছে।
স্টিলওএস মূলত এমন একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন, যা সাধারণ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। উইন্ডোজের জটিলতা থেকে মুক্তি দিতে এবং লিনাক্সকে সবার কাছে সহজবোধ্য করে তুলতেই ডেভেলপাররা এটি নিয়ে কাজ করছেন। অপারেটিং সিস্টেমটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর ‘অ্যাটমিক আপডেট’ ব্যবস্থা, যা ব্যবহারকারীর কোনো হস্তক্ষেপ ছাড়াই ব্যাকগ্রাউন্ডে সম্পন্ন হয়। ফলে সিস্টেমটি যেমন স্থিতিশীল থাকে, তেমনি ব্যবহারকারীকে আলাদাভাবে কোনো আপডেট নিয়ে দুশ্চিন্তা করতে হয় না।
ইন্টারফেসের ক্ষেত্রে স্টিলওএস উইন্ডোজের মতো পরিচিত লেআউট ব্যবহার করে। প্যানেল, ডেস্কটপ আইকন এবং সিস্টেম ট্রে ব্যবহারের সুবিধা থাকায় উইন্ডোজ থেকে আসা নতুন ব্যবহারকারীরা খুব সহজেই এতে অভ্যস্ত হতে পারবেন। এছাড়া, প্রথমবার সিস্টেম চালুর পর এতে একটি ‘ফার্স্ট স্টেপস’ অ্যাপ যুক্ত করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই নিজেদের পছন্দমতো ডেস্কটপ লেআউট পরিবর্তন, সফটওয়্যার ইনস্টল, প্রিন্টার কনফিগারেশন এবং ব্লুটুথ ডিভাইস যুক্ত করতে পারেন।
তবে প্রযুক্তি বিশেষজ্ঞ জ্যাক ওলেনের মতে, কিছু ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। বিশেষ করে লেআউট পরিবর্তনের সময় মাঝে মাঝে সিস্টেম রিবুট করার প্রয়োজন হয় এবং ডেস্কটপ কখনও কখনও সাময়িক অচল হয়ে পড়ে, যা ডেভেলপারদের দ্রুত সমাধান করা প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন, উইন্ডোজের জনপ্রিয় সফটওয়্যারগুলোর সমমানের ওপেন-সোর্স বিকল্পগুলো খুঁজে পাওয়ার ক্ষেত্রে যদি সিস্টেমটি ব্যবহারকারীদের আরও সাহায্য করতে পারে, তবে এটি সত্যিকার অর্থেই সাধারণ গ্রাহকদের জন্য লিনাক্স ব্যবহারের সেরা প্ল্যাটফর্ম হয়ে উঠবে।