যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের অ্যান্ড্রয়েড অটো স্মার্টফোনকে গাড়ির স্ক্রিনের সঙ্গে যুক্ত করে মানচিত্র ও বার্তার মতো সুবিধাগুলো সহজলভ্য করে তোলে। ফোন ও গাড়ির মধ্যে সংযোগ স্থাপনে সমস্যা হলে খুব সহজেই প্রযুক্তিগত সহায়তা ছাড়াই সাধারণ কিছু পদক্ষেপের মাধ্যমে তা সমাধান করা যায়।
ক্যাবল ও সংযোগ সেটিংস পরীক্ষা
স্মার্টফোন ও গাড়ির সংযোগের ক্ষেত্রে তারযুক্ত বা তারবিহীন উভয় পদ্ধতিতেই সমস্যা হতে পারে। তারযুক্ত সংযোগের ক্ষেত্রে ক্যাবলটি ক্ষতিগ্রস্ত কি না তা যাচাই করা প্রয়োজন। অনেক সময় সাধারণ চার্জিং ক্যাবল ডাটা ট্রান্সফার করতে পারে না, তাই সঠিক ক্যাবল ব্যবহার নিশ্চিত করতে হবে। গুগল ছয় ফুটের চেয়ে ছোট ক্যাবল ব্যবহারের পরামর্শ দেয়। তারবিহীন সংযোগের ক্ষেত্রে ওয়াই-ফাই ও ব্লুটুথ চালু আছে কি না তা যাচাই করে পুনরায় সংযোগ স্থাপন করা যেতে পারে।
ডিভাইস রিস্টার্ট ও পুনরায় সংযোগ
ক্যাবল ঠিক থাকার পরও সমস্যা হলে ফোন রিস্টার্ট দেওয়া একটি কার্যকরী উপায়। রিস্টার্ট দিলে ফোনের মেমোরি থেকে অপ্রয়োজনীয় প্রসেসগুলো মুছে যায়। এরপর সেটিংসে গিয়ে কানেক্টেড ডিভাইসে অ্যান্ড্রয়েড অটো খুঁজে বের করে আগের সংযোগটি ‘ফরগেট’ করতে হবে এবং নতুন করে গাড়ি যুক্ত করতে হবে। একই সাথে ফোনের সেটিংসে অটোমেটিক সংযোগের অপশনগুলো সক্রিয় রাখা প্রয়োজন।
অ্যান্ড্রয়েড অটোর অ্যাপ ক্যাশে পরিষ্কার
অ্যাপের ক্যাশ ফাইল জমে থাকার কারণেও সংযোগে সমস্যা হতে পারে। ফোনের সেটিংস থেকে অ্যাপস মেনুতে গিয়ে অ্যান্ড্রয়েড অটো অ্যাপটি সিলেক্ট করে ‘ফোর্স স্টপ’ করার পর স্টোরেজ অপশন থেকে ক্যাশ ও ডাটা ক্লিয়ার করলে সমস্যা সমাধানের সম্ভাবনা থাকে।
অন্যান্য সম্ভাব্য সমাধান
উপরোক্ত পদক্ষেপের পরও সমস্যা থাকলে ফোন ও গুগল প্লে সার্ভিস আপডেট দেওয়া জরুরি। এছাড়া ভিপিএন (VPN) চালু থাকলে তা সংযোগে বাধা সৃষ্টি করতে পারে, তাই ভিপিএন বন্ধ রাখা বা স্প্লিট টানেলিং ব্যবহার করা প্রয়োজন। অনেক সময় ফোনের ব্যাটারি সেভার মোড সক্রিয় থাকলে তা সংযোগ বাধাগ্রস্ত করে। সব শেষে অন্য কোনো ফোন দিয়ে পরীক্ষা করে নিশ্চিত হওয়া সম্ভব যে সমস্যাটি ফোন না কি গাড়ির সিস্টেমের।