যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে মহাকাশের রহস্য উন্মোচনের লক্ষ্যে নাসা সফলভাবে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ উৎক্ষেপণ করেছে। নাসা জানিয়েছে, এই টেলিস্কোপটি মহাজাগতিক ইতিহাসের সবচেয়ে গভীর প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার ক্ষেত্রে একটি শক্তিশালী যন্ত্র হিসেবে কাজ করবে। নাসার সায়েন্স মিশন ডিরেক্টরেটের সহযোগী প্রশাসক নিকি ফক্স জানিয়েছেন, এই অভিযান মানবজাতিকে মহাবিশ্বের রহস্য সম্পর্কে নতুন তথ্য দেবে।
দীর্ঘ প্রতীক্ষা ও নানা চড়াই-উতরাই পেরিয়ে উৎক্ষেপিত এই টেলিস্কোপটি বর্তমানে চাঁদকে অতিক্রম করে সূর্য-পৃথিবীর দ্বিতীয় ল্যাগ্রেঞ্জ পয়েন্টের (L2) দিকে তার তিন মাসের দীর্ঘ এক মিলিয়ন মাইল যাত্রায় রয়েছে। নির্দিষ্ট অবস্থানে পৌঁছানোর পর এটি মহাকাশ গবেষণায় নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
এই টেলিস্কোপের বিশেষত্ব হলো এর ৩০০ মেগাপিক্সেল ইনফ্রারেড ক্যামেরা। এটি হাবল স্পেস টেলিস্কোপের চেয়ে ১০০ গুণ বড় এলাকা জুড়ে নজর রাখতে পারে এবং ১০০০ গুণ দ্রুত মহাকাশ জরিপ সম্পন্ন করতে সক্ষম। এছাড়াও এতে যুক্ত করা হয়েছে বিশেষ করোনাগ্রাফ সিস্টেম, যা নক্ষত্রের তীব্র আলো আড়াল করে দূরবর্তী এক্সোপ্ল্যানেটগুলোর ছবি তুলতে সাহায্য করবে।
টেলিস্কোপটি মহাবিশ্বের ডার্ক ম্যাটার বা গুপ্ত পদার্থের বিন্যাস এবং ডার্ক এনার্জি কীভাবে মহাবিশ্বের বিবর্তন ঘটিয়েছে, তা বোঝার জন্য ত্রিমাত্রিক স্ক্যান বা থ্রি-ডি ম্যাপ তৈরি করবে। এই তথ্যগুলো মহাবিশ্বের গঠন সম্পর্কে বিদ্যমান অস্পষ্টতা দূর করতে বিজ্ঞানীদের সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।