ঢাকাTuesday , 15 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

প্লাস্টিক ও কৃষিজ বর্জ্য থেকে তৈরি হচ্ছে খাওয়ার উপযোগী বিস্কুট


September 14, 2026 10:15 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের কার্বনডেলে সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটির বিজ্ঞানীরা প্লাস্টিক ও কৃষিজ বর্জ্যকে খাওয়ার উপযোগী প্রোটিনসমৃদ্ধ বিস্কুটে রূপান্তরের এক নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এই প্রকল্পের প্রধান গবেষক সহযোগী অধ্যাপক লাহিরু জয়াকোদি জানিয়েছেন, মাইক্রোব বা অণুজীবের গুণাবলি কাজে লাগিয়ে বর্জ্য থেকে তৈরি এই বিস্কুট ভবিষ্যতে পৃথিবী এবং মহাকাশ অভিযানে মানুষের খাদ্য চাহিদা মেটাতে কার্যকর হতে পারে।

গবেষকরা জানান, মূলত নাসার ‘ডিপ স্পেস ফুড চ্যালেঞ্জ’-এর অংশ হিসেবে এই গবেষণাটি পরিচালিত হয়েছে। এর মূল লক্ষ্য হলো মহাকাশের প্রতিকূল পরিবেশে যেখানে নিয়মিত খাদ্য সরবরাহ সম্ভব নয়, সেখানে বিকল্প খাদ্যের উৎস তৈরি করা। এছাড়া দুর্যোগ কবলিত এলাকায় বা যেখানে খাদ্যের অভাব রয়েছে, সেখানেও এই প্রযুক্তি কাজে লাগানো সম্ভব।

বিজ্ঞানীরা এই প্রক্রিয়ায় পিইটি (PET) প্লাস্টিক এবং ভুট্টার ডাঁটার মতো কৃষিজ বর্জ্যকে উচ্চ তাপমাত্রা ও চাপে ভেঙে অণুজীবের গ্রহণ উপযোগী উপাদানে রূপান্তর করেন। এরপর প্রকৌশলগতভাবে পরিবর্তন করা ইস্ট বা খামির ওই উপাদানগুলোকে প্রোটিন, ফ্যাট, ভিটামিন এবং ভ্যানিলা ফ্লেভারে রূপান্তর করে। এই উপাদানগুলো ব্যবহার করে থ্রি-ডি প্রিন্টারের মাধ্যমে ‘মিউ-বাইট’ (µBites) নামের বিস্কুট তৈরি করা হয়।

গবেষক দলের সদস্য সন্দ্ব্যা জয়াসেকারা জানিয়েছেন, এই বিস্কুটগুলো নিরাপদ। বর্তমানে এগুলোর স্বাদ এবং গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য কাজ চলছে। অণুজীব ব্যবহার করে বিস্কুটের অন্যান্য উপাদান যেমন ফাইবার বা শর্করাও তৈরির লক্ষ্য নিয়েছেন তারা। গবেষকদের মতে, ২০৫০ সালের মধ্যে বিশ্বজুড়ে খাদ্য চাহিদা উল্লেখযোগ্য হারে বাড়বে এবং অণুজীবভিত্তিক এই খাদ্য প্রযুক্তি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।