ঢাকাThursday , 24 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

বিদ্যুৎ খাতের আধুনিকায়নে বাংলাদেশকে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি


September 23, 2026 10:00 pm
Link Copied!

বাংলাদেশের ঢাকার আশপাশের উপশহরীয় এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিক ও শক্তিশালী করতে ২০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার ১২৩ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এ ঋণের পরিমাণ প্রায় দুই হাজার ৪৬০ কোটি টাকা। বুধবার (২৩ সেপ্টেম্বর) এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই ঋণের মাধ্যমে বিদ্যুৎ নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান ও গৃহস্থালিতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উন্নত করা হবে, যা দেশের প্রবৃদ্ধি ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকল্পের মূল লক্ষ্য

‘পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এনহান্সমেন্ট প্রজেক্ট’ শিরোনামে প্রকল্পটি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে (বিআরইবি) সহায়তা করবে। এর আওতায় ঢাকার আশপাশের ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির (পিবিএস) অবকাঠামো উন্নয়ন করা হবে। প্রকল্পটি সাবস্টেশনে অতিরিক্ত লোড, পুরোনো অবকাঠামো, বিদ্যুৎ অপচয় ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় কাজ করবে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং বলেন, আধুনিক বিদ্যুৎ বিতরণব্যবস্থা দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ ও প্রতিযোগিতামূলক করতে অপরিহার্য। প্রকল্পটি উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঢাকার আশপাশের এলাকাগুলোর বিদ্যুৎ ব্যবস্থাকে ভবিষ্যতের উপযোগী করে তুলবে।

প্রকল্পের আওতায় যা থাকছে

প্রকল্পের অধীনে ৫২টি সাবস্টেশনে নতুন ট্রান্সফরমার স্থাপন এবং ১২টি সাবস্টেশনের সক্ষমতা বাড়ানো হবে। এছাড়া দুই হাজার ৬০০ কিলোমিটারের বেশি বিতরণ লাইন উন্নয়ন ও ৯০০টি ত্রুটি শনাক্তকারী যন্ত্র (ফল্ট লোকেটর) বসানো হবে। ডিজিটাল সিস্টেম ইন্টিগ্রেশন ও সাইবার নিরাপত্তার বিষয়ে বিআরইবি ও পিবিএসগুলোকে প্রশিক্ষণ দেওয়া হবে।

পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার

প্রকল্পটিতে এডিবির বিশেষ ‘রেজিলিয়েন্স ফাইন্যান্সিং’ বা দুর্যোগ-সহনশীলতা বিষয়ক অর্থায়নের পরিমাণ ১৪ দশমিক ৬৫ কোটি ডলার। এর মাধ্যমে গ্যাস-ইনসুলেটেড সুইচগিয়ার প্রযুক্তি ব্যবহার করে বার্ষিক প্রায় ২০ হাজার ৩৭৫ টন কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অর্থায়নের উৎস

এডিবির এই ঋণের পাশাপাশি বাংলাদেশ সরকার ১০৭ দশমিক ৯৫ মিলিয়ন ডলার এবং বিআরইবি ১৪১ দশমিক ৩৯ মিলিয়ন ডলার অর্থায়ন করবে। এছাড়া কোরিয়ার একটি তহবিল থেকে ১ মিলিয়ন ডলারের কারিগরি অনুদান পাওয়া যাবে। এই প্রকল্পটি বিদ্যুৎ খাতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি ও কর্মক্ষেত্রের পরিবেশ উন্নয়নেও ভূমিকা রাখবে।