যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গুগল তাদের জেমিনাই ৩.৮ লাইভ আপডেটে নতুন ‘লাইভ অবতার’ ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছে। এর ফলে ব্যবহারকারীরা এআই মডেলটির সঙ্গে কথোপকথনের সময় অ্যানিমেটেড এআই চরিত্রের বাস্তবসম্মত অভিব্যক্তি দেখতে পাবেন। বর্তমানে এটি কেবল জেমিনাই এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এই ফিচারের মাধ্যমে এআই মডেলটি কথা বলার সময় ঠোঁট মেলানো (লিপ-সিঙ্ক) এবং বিভিন্ন ধরনের মুখভঙ্গি প্রদর্শন করতে পারে। গুগল জানিয়েছে, কোনো প্রকার ভিডিও বিকৃতি ছাড়াই এই অবতার ৯৭টি ভিন্ন ভাষায় সাবলীলভাবে কথা বলতে সক্ষম। উদাহরণস্বরূপ, ভিডিওতে দেখা গেছে এআই অবতারটি ইংরেজি এবং জাপানি ভাষায় সমান সাবলীলভাবে কথা বলছে এবং তার ঠোঁটের নড়াচড়া ভাষার সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে। পাশাপাশি কথা বলার সময় এটি স্ক্রিনে প্রয়োজনীয় তথ্যও প্রদর্শন করতে পারে।
নতুন এই প্রযুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের পছন্দমতো অবতার তৈরি করার সুযোগ পাবে, যদিও গুগল আগে থেকেই কিছু অবতারের লাইব্রেরি সরবরাহ করবে। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে এই অবতারের আউটপুটগুলোতে গুগলের অদৃশ্য ‘সিনথআইডি’ (SynthID) ওয়াটারমার্ক যুক্ত থাকবে এবং এটি ব্যবহারকারীদের ব্যক্তিগত পরিচয় রক্ষায় কাজ করবে। জেমিনাই ৩.৮ লাইভ মডেলটি ভিজ্যুয়াল ইনপুটগুলোকে প্রায় তাৎক্ষণিকভাবে প্রক্রিয়াজাত করতে সক্ষম।