বাংলাদেশের রাজধানী ঢাকার পল্টনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত ক্যাম্পাস প্রতিনিধি সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করে সমাজের সর্বস্তরে সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিয়োগ করতে হবে। তিনি এই দায়িত্বকে বর্তমান ছাত্রসমাজের প্রধান কর্তব্য হিসেবে উল্লেখ করেছেন।
মুফতি ফয়জুল করীম বলেন, বাংলাদেশে ইসলামের আদর্শভিত্তিক রাজনীতি এবং নৈতিক নেতৃত্ব গড়ে তোলার দায়িত্ব ছাত্রসমাজের ওপর। নিজেদের তাকওয়া, যোগ্যতা ও নৈতিকতার মাধ্যমে গড়ে তুলে ইসলামের রাজনীতিকে এগিয়ে নিতে হবে। তিনি শিক্ষার্থীদের রূহানিয়াত ও সংগ্রামের সমন্বয়ে নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন।
ক্যাম্পাসগুলোতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। মুফতি ফয়জুল করীম উল্লেখ করেন, ইসলাম কেবল ব্যক্তিগত ইবাদতের বিষয় নয়, বরং এটি রাষ্ট্র, অর্থনীতি ও মানবকল্যাণের একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। প্রশাসনিক অদক্ষতা ও নৈতিক অবক্ষয়ের বিপরীতে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে তরুণদের গঠনমূলক ভূমিকা প্রয়োজন।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদের সঞ্চালনায় সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের ছাত্ররাজনীতিতে চলমান সহিংসতা ও লেজুড়বৃত্তি থেকে বেরিয়ে এসে একটি আদর্শিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।