বাংলাদেশের ঢাকায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা আলোচনাকে ‘অপপ্রচার’ উল্লেখ করে দেওয়া বিজ্ঞপ্তি সংশোধন করেছে। সোমবার (৩ আগস্ট) মূল বিজ্ঞপ্তি প্রকাশের পৌনে এক ঘণ্টা পর এই সংশোধনী আনা হয়। এর মাধ্যমে গ্রাহকদের হয়রানি বা অপপ্রচারের অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি পরিবর্তন করে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে।
সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে তা ইতিমধ্যে বিদ্যুৎ বিভাগ ও বিতরণ সংস্থাগুলো সমাধান করেছে। তাই এ বিষয়ে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।
কোনো গ্রাহকের অতিরিক্ত বিল নিয়ে অভিযোগ থাকলে তা প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রমাণসাপেক্ষে অভিযোগের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও পুনর্ব্যক্ত করেছে মন্ত্রণালয়।