যুক্তরাষ্ট্রের বোজ কোম্পানি তাদের নতুন কোয়ায়েটকমফোর্ট হেডফোন (দ্বিতীয় প্রজন্ম) আনুষ্ঠানিকভাবে বাজারে আনার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন এই মডেলে উন্নত নয়েজ ক্যানসেলিং প্রযুক্তি, লসলেস ইউএসবি-সি অডিও সুবিধা এবং বোজ ইমার্সিভ অডিও মোড যুক্ত করা হয়েছে, যা আগে শুধুমাত্র ব্যয়বহুল কোয়ায়েটকমফোর্ট আল্ট্রা সিরিজে পাওয়া যেত।
নতুন হেডফোনটিতে ট্রু-স্পেশিয়াল প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা স্টিল, মোশন ও সিনেমা—এই তিনটি ভিন্ন মোডে শোনার অভিজ্ঞতা পাবেন। এটি হেড ট্র্যাকিংয়ের মাধ্যমে অডিওর অবস্থান ঠিক রাখতে সাহায্য করে। এছাড়া এর ইউএসবি-সি পোর্টটি ২৪-বিট/৪৮ কিলোহার্টজ মানের লসলেস ওয়্যারড অডিও এবং দ্বিমুখী অডিও সিগন্যাল আদান-প্রদান করতে সক্ষম। এতে ব্লুটুথ ৫.৪, মাল্টিপয়েন্ট কানেক্টিভিটি এবং গুগল ফাস্ট পেয়ারের সুবিধা রয়েছে।
শব্দ নিয়ন্ত্রণের জন্য নতুন কোয়ায়েট কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা ছয়টি মাইক্রোফোনের সমন্বয়ে তৈরি। এটি চশমা, চুল বা টুপির কারণে কানের কুশনে সামান্য ফাঁক থাকলেও স্বয়ংক্রিয়ভাবে নয়েজ ক্যানসেলেশন নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়া অ্যাক্টিভ সেন্স প্রযুক্তির মাধ্যমে হঠাৎ কোনো জোরালো শব্দ এলে তা মসৃণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
হেডফোনটির ডিজাইন আরও আরামদায়ক করা হয়েছে, যেখানে প্রশস্ত হেডব্যান্ড এবং কৃত্রিম চামড়ার প্যাডিং ব্যবহার করা হয়েছে। এর ব্যাটারি লাইফ আগের মতোই ২৪ ঘণ্টা, তবে ইমার্সিভ অডিও মোড চালু থাকলে তা ১৮ ঘণ্টায় নেমে আসে। ১৫ মিনিটের চার্জে আড়াই ঘণ্টা পর্যন্ত অডিও শোনা সম্ভব।
আগামী ৮ আগস্ট থেকে বোজের ওয়েবসাইট ও নির্বাচিত খুচরা বিক্রেতাদের কাছে প্রি-অর্ডার শুরু হবে এবং ১৩ আগস্ট থেকে পণ্য সরবরাহ করা হবে। ব্লাক এবং হোয়াইট স্মোকের পাশাপাশি ইউক্যালিপটাস গ্রিন, ডিউড্রপ মিন্ট এবং রোজউড মভ—এই তিনটি সীমিত সংস্করণের রঙে হেডফোনটি পাওয়া যাবে।