যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা দেশটিতে শিশুদের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় জরুরি সতর্কবার্তা জারি করেছেন। আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক্সের (এএপি) বিশেষজ্ঞ ড. রোহিত শেনই জানিয়েছেন, পানিতে ডোবার ঘটনায় প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎক্ষণিক উদ্ধার ও কৃত্রিম শ্বাস-প্রশ্বাস জীবন বাঁচাতে প্রধান ভূমিকা রাখে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সতর্কতা অত্যন্ত জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রতি বছর ৪ হাজার থেকে ৫ হাজার মানুষ পানিতে ডুবে মারা যান। এর মধ্যে ১ থেকে ৪ বছর বয়সী শিশুদের মৃত্যুর প্রধান কারণ পানিতে ডুবে যাওয়া। ৫ থেকে ১৪ বছর বয়সীদের ক্ষেত্রেও এটি মৃত্যুর অন্যতম শীর্ষ কারণ। ২০১৯ সালে এই সংখ্যা ৭৫৬ জন থাকলেও ২০২৪ সালে তা বেড়ে ৮৬৫ জনে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, করোনা মহামারির সময় সাঁতারের প্রশিক্ষণ বন্ধ হওয়া এবং লাইফগার্ডের ঘাটতি শিশুমৃত্যু বাড়ার পেছনে বড় কারণ।
সুপারমার্কেট চেইন স্টু লিওনার্ডস-এর প্রধান নির্বাহী স্টু লিওনার্ডের ব্যক্তিগত অভিজ্ঞতা এই ঝুঁকিকে আরও স্পষ্ট করে। ১৯৮৯ সালে তার ২১ মাস বয়সী ছেলে স্টুই সুইমিং পুলে ডুবে মারা যায়। শিশুটির মা কিম লিওনার্ড জানান, চারপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও সবাই ভেবেছিল কেউ না কেউ তাকে দেখছে। এই ঘটনার পর তারা শিশুদের সাঁতার শেখানো এবং পানিতে ডোবা প্রতিরোধে ফাউন্ডেশন গড়ে তুলেছেন।
পানিতে ডোবা প্রতিরোধে চিকিৎসকেরা অভিভাবকদের জন্য কিছু বিশেষ পরামর্শ দিয়েছেন। তারা বলছেন, সাধারণ খেলার চেয়ে সাঁতার শেখানো শিশুদের জন্য বেশি জরুরি। এছাড়া পানির কাছে শিশু থাকলে মোবাইল ফোন বা অন্য কোনো কাজে মনোযোগ না দিয়ে সরাসরি নজরদারি রাখা এবং সুইমিং পুলের চারপাশে স্বয়ংক্রিয় গেটসহ শক্ত বেড়া নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।