যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপল কারপ্লে ব্যবহার করার সময় গাড়ির স্পিকারে ভালো অডিও আউটপুট না পাওয়া নিয়ে ব্যবহারকারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অ্যাপল কর্তৃপক্ষ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে। গাড়ির সাউন্ড সিস্টেমের পূর্ণ সুবিধা পেতে আইফোনের অডিও সেটিংস ও সংযোগ পদ্ধতির ওপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
ওয়্যারড কানেকশন ব্যবহার
ওয়্যারলেস কারপ্লে সুবিধাজনক হলেও অডিওর সেরা মানের জন্য ওয়্যারড বা ইউএসবি সংযোগ সবচেয়ে কার্যকর। অ্যাপলের নির্দেশনা অনুযায়ী, ওয়্যারড সংযোগে এলপিসিএম কোডেক ব্যবহৃত হয়, যা লসলেস অডিও ফাইল কোনো ডেটা লস ছাড়াই গাড়ির সিস্টেমে পৌঁছে দিতে পারে। অন্যদিকে, ওয়্যারলেস সংযোগে অডিও এএসি-এলসি ফরম্যাটে কম্প্রেস হয়, যা শব্দের মান কিছুটা কমিয়ে দেয়।
অফলাইন মিউজিক ডাউনলোড
যাত্রাপথে নেটওয়ার্কের ওঠানামার ফলে স্ট্রিমিং অডিওর মানে ভাটা পড়তে পারে। এটি এড়াতে গাড়ি চালানোর আগে উচ্চমানের অডিও ফাইল ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অ্যাপল মিউজিক বা স্পটিফাই থেকে লসলেস ফরম্যাটে গান ডাউনলোড করলে নেটওয়ার্ক দুর্বল থাকলেও অডিওর মান অক্ষুণ্ণ থাকে।
ইকুয়ালাইজার ও ভলিউম সেটিংস
অডিওর মান সন্তোষজনক না হলে আইফোনের ইকুয়ালাইজার (EQ) ও সাউন্ড চেক সেটিংস যাচাই করা জরুরি। অ্যাপল মিউজিক অ্যাপের সেটিংস থেকে ইকুয়ালাইজার বন্ধ করে বা পরিবর্তন করে দেখা যেতে পারে। এছাড়া অনেক সময় সাউন্ড চেক ফিচারটি ভলিউমে অসামঞ্জস্য তৈরি করতে পারে, যা টগল অন বা অফ করে পরীক্ষা করা উচিত।
কারপ্লে বাফারিং সমস্যা সমাধান
সারি (Siri) বা ম্যাপস অ্যাপ ব্যবহারের পর অনেক সময় গাড়ির অডিওর মান কমে যায় বা বেস কমে যেতে পারে। এক্ষেত্রে স্টিয়ারিং হুইলের কন্ট্রোল থেকে সারি অ্যাক্টিভেট করে পুনরায় বন্ধ করলে অডিও স্বাভাবিক হতে পারে। এছাড়া কারপ্লে কানেকশন মুছে পুনরায় সেটআপ করলেও অনেক সময় সফটওয়্যারঘটিত জটিলতা দূর হয়।
শেষ কথা
তবে কেবল সেটিংস পরিবর্তন নয়, গাড়ির নিজস্ব স্পিকার এবং অ্যাম্পলিফায়ারের গুণগত মানও অডিওর ওপর বড় প্রভাব ফেলে। তাই প্রতিটি পরিবর্তনের পর তা পরীক্ষা করে দেখা প্রয়োজন যাতে ব্যবহারকারী তার পছন্দমতো সেরা অডিও অভিজ্ঞতা পেতে পারেন।