যুক্তরাজ্যের কর্নওয়াল ও ডেভনের পর্যটন এবং আতিথেয়তা খাতের ব্যবসায়ীরা সাময়িক ভ্যাট হ্রাস প্রকল্পকে সম্প্রসারিত এবং স্থায়ী করার দাবি জানিয়েছেন। গ্রীষ্মকালীন ছুটির খরচে পরিবারগুলোকে সহায়তা করার লক্ষ্যে সরকার ৩০০ মিলিয়ন পাউন্ডের ‘গ্রেট ব্রিটিশ সামার সেভিংস’ প্রকল্প গ্রহণ করেছিল, যার আওতায় ফ্যামিলি অ্যাট্রাকশন টিকিট, শিশুদের খাবার ও সিনেমার টিকিটের ওপর ভ্যাট ২০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছিল। এই প্রকল্প শেষ হওয়ার পর ব্যবসায়ীরা একে কেবল সাময়িক সুবিধা হিসেবে না দেখে দীর্ঘমেয়াদী কর ছাড়ের দাবি তুলেছেন।
লাপ্পা ভ্যালি রেলওয়ের ব্যবস্থাপনা পরিচালক কিথ সাউথওয়েল জানান, এই প্রকল্পটি তার ব্যবসায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আনতে পারেনি, কারণ অনেক গ্রাহকই এই সুবিধা সম্পর্কে অবগত ছিলেন না। অন্যদিকে, বিডেফোর্ডের বিগ শিপ ফার্ম অ্যান্ড থিম পার্কের মহাব্যবস্থাপক তারা স্ট্যাপলি জানান, ভ্যাট হ্রাসের ফলে টিকিটের দাম কম হওয়ায় দর্শনার্থীদের আগ্রহ কিছুটা বেড়েছে। তিনি মনে করেন, প্রচারণার অভাবে অনেক মানুষ এই সুবিধাটি জানতে পারেনি। তবে অক্টোবর ও হ্যালোইন উৎসবের সময়ও এই সুবিধা থাকলে তা পরিবার ও ব্যবসায়ীদের জন্য সহায়ক হতো বলে তিনি মত দেন।
ফালমাউথের হারবার লাইটস ফিশ অ্যান্ড চিপ রেস্টুরেন্টের পিট ফ্রেজার বলেন, ভ্যাট হ্রাসের ফলে পরিবারগুলোর বাড়তি খরচ করার সক্ষমতা কিছুটা বেড়েছে, তবে এই প্রকল্পটি হঠাৎ শেষ হয়ে যাওয়ায় শীতে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। তিনি একে সাময়িক ‘গিমিক’ হিসেবে আখ্যা দিয়ে ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদী সহায়তার ওপর জোর দিয়েছেন।
ইউকে হসপিটালিটির প্রধান নির্বাহী অ্যালেন সিম্পসন বলেন, এই নীতি পরিবারগুলোকে গ্রীষ্মে বাড়তি একটি দিন ঘুরতে সাহায্য করেছে। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সরকারকে ভবিষ্যতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার আহ্বান জানিয়েছেন তিনি। ভিজিট ডেভনের পরিচালক স্যালি এভারটন মনে করেন, ভ্যাট হার কমিয়ে স্থায়ীভাবে নির্ধারণ করা উচিত, কারণ বর্তমান উচ্চ ভ্যাট হার অনেক ব্যবসার জন্যই প্রতিকূল।
তবে সরকারের অর্থ বিভাগের মুখপাত্রের দাবি, গ্রেট ব্রিটিশ সামার সেভিংস প্রকল্প দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসা ও পরিবারগুলোর জন্য সফল হয়েছে এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করেছে। এর পাশাপাশি পাব ও সামাজিক ক্লাবগুলোর জন্য ২০ শতাংশ ব্যবসায়িক রেট কমানোর উদ্যোগও চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।