বাংলাদেশের ঢাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির দীর্ঘ পথচলার ৪৮টি উল্লেখযোগ্য অর্জন তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই তালিকা প্রকাশ করেন। বিএনপির দীর্ঘ রাজনৈতিক যাত্রায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আদর্শের ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে দলটি বর্তমানে আধুনিক ও প্রযুক্তিভিত্তিক শক্তিতে রূপ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মাহদী আমিন তার পোস্টে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার সকল নেতা-কর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি জানান, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ দর্শন, ১৯ দফা কর্মসূচি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন দলটির অন্যতম মাইলফলক। এছাড়াও তিনি সংবাদপত্রের স্বাধীনতা, ওআইসি ও মুসলিম বিশ্বে বলিষ্ঠ নেতৃত্ব এবং সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম ও আল্লাহর ওপর বিশ্বাসের বিষয়টি সংযোজনকে দলটির গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্জন হিসেবে চিহ্নিত করেন।
তালিকায় থাকা অন্যান্য অর্জনের মধ্যে উল্লেখযোগ্য হলো—খাল কাটা কর্মসূচি, গার্মেন্টস শিল্পের সূচনা, জনশক্তি রপ্তানি, শিশু একাডেমি প্রতিষ্ঠা, স্বাধীনতা ও একুশে পদক প্রবর্তন, মুক্তবাজার অর্থনীতির সূচনা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন, ভ্যাট চালু, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, নারীশিক্ষা কার্যক্রম এবং শ্রম আইন প্রণয়ন। এছাড়াও, ফ্লাইওভার নির্মাণ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, দুর্নীতি দমন কমিশন গঠন, কোস্ট গার্ড প্রতিষ্ঠা এবং তারেক রহমানের ৩১ দফার রূপরেখাকে তিনি আধুনিক বাংলাদেশের বিনির্মাণে বিএনপির গুরুত্বপূর্ণ অবদান হিসেবে উল্লেখ করেন।
মাহদী আমিন বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কল্যাণমুখী রাজনীতির ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে বর্তমানে সুশাসন, জবাবদিহি এবং ন্যায়বিচারের ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বিএনপি কাজ করে যাচ্ছে। দলের এই অভিযাত্রায় অগণিত নেতা-কর্মীর ত্যাগ এবং জনগণের সমর্থনকে তিনি দলটির সবচেয়ে গৌরবময় অধ্যায় হিসেবে আখ্যায়িত করেন।