ঢাকাFriday , 4 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

শেখ হাসিনা, শেখ রেহানা ও নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে দুদকের মামলা


September 4, 2026 3:15 pm
Link Copied!

বাংলাদেশের ঢাকায় ৪১টি ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার সংস্থাটির সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বাদী হয়ে ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলাটি করেন। ক্ষমতার অপব্যবহার ও ভুয়া ট্রাস্টের মাধ্যমে রাষ্ট্রীয় তহবিল তছরুপের অভিযোগ আসায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা যোগসাজশের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে ৪১টি ব্যাংক থেকে এই বিপুল পরিমাণ অর্থ ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’-এর নামে সংগ্রহ করেন। এতে রাষ্ট্রের আর্থিক ক্ষতি হয়েছে। দুদক জানিয়েছে, ট্রাস্টটি ১৮৮২ সালের ট্রাস্টস অ্যাক্টের আওতায় গঠিত হলেও এর সভাপতি ছিলেন শেখ হাসিনা এবং সহসভাপতি ছিলেন শেখ রেহানা।

অনুসন্ধানে জানা যায়, বিএবির তৎকালীন সভাপতি নজরুল ইসলাম মজুমদার নির্বাহী কমিটির আলোচ্যসূচির বাইরে গিয়ে ট্রাস্টের জন্য সিএসআর তহবিল থেকে অনুদান দেওয়ার প্রস্তাব তোলেন। এরপর ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়ে এই অর্থ সংগ্রহ করা হয়। অথচ বাংলাদেশ ব্যাংকের সিএসআর নীতিমালা অনুযায়ী, এ ধরনের ট্রাস্টকে অনুদান দেওয়ার কোনো বৈধ সুযোগ নেই।

দুদকের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, সরেজমিন পরিদর্শনে ট্রাস্টের ঘোষিত ঠিকানায় কোনো দাপ্তরিক কার্যক্রমের অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া ট্রাস্টটি সমাজসেবা অধিদপ্তর বা এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধিত নয় এবং এর কোনো কার্যক্রম বাস্তবায়নের প্রমাণও নেই। ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে প্রভাব খাটিয়ে অর্থ সংগ্রহের অভিযোগে দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় আসামিদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।