যুক্তরাজ্যের লন্ডনের প্রখ্যাত সেলিব্রিটি স্টাইলিস্ট জর্জিয়ানা ডাউনি ২০২৬ সালের গ্রীষ্মের জন্য চারটি প্রধান ফ্যাশন ট্রেন্ডের পরামর্শ দিয়েছেন। গত এক দশক ধরে সোফিয়া রিচি গ্রেঞ্জ, কেলসি মেরিট, পিয়া ম্যানস ও রেবেকা ডনাল্ডসনের মতো তারকাদের ফ্যাশন সেন্স গড়ে তোলা জর্জিয়ানা মনে করেন, বর্তমান সময়ে ফ্যাশনে নিজস্বতা ও ব্যক্তিত্ব ফুটিয়ে তোলা সবচেয়ে জরুরি।
ফ্যাশন জগত নিয়ে নিজের মতামতে জর্জিয়ানা জানান, গত কয়েক বছর ধরে চলে আসা ‘কোয়াইট লাক্সারি’ বা আভিজাত্যের আতিশয্য এখন কিছুটা ম্লান হয়ে আসছে। এর পরিবর্তে মানুষ এখন পোশাকের মাধ্যমে নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করতে চায়। তিনি বলেন, শুধু দামী পোশাক নয়, বরং পোশাকের গঠন, টেক্সচার এবং চমৎকার সব অ্যাক্সেসরিজের ব্যবহারে সাধারণ পোশাকেও আধুনিকতার ছোঁয়া আনা সম্ভব।
গ্রীষ্মের ট্রেন্ড হিসেবে জর্জিয়ানা ডাউনি চারটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছেন। এর মধ্যে প্রথমেই রয়েছে ‘সামার হোয়াইটস’ বা সাদা রঙের পোশাক। তার মতে, গ্রীষ্মের দুপুরে বা রাতের ডিনারে সাদা রঙের পোশাক সবসময়ই অভিজাত এবং আরামদায়ক। এর পাশাপাশি তিনি মুক্তার বা পুঁতির তৈরি নেকলেস পরার পরামর্শ দিয়েছেন, যা যে কোনো সাধারণ পোশাককে আকর্ষণীয় করে তোলে।
জুতার ট্রেন্ড হিসেবে তিনি ওয়েজ স্যান্ডেল বেছে নেওয়ার কথা বলেছেন, যা হাঁটাচলায় আরামদায়ক এবং যেকোনো উৎসবের জন্য উপযুক্ত। চতুর্থ ট্রেন্ড হিসেবে তিনি বেছে নিয়েছেন ওভেন ব্যাগ বা পাটের তৈরি হাতব্যাগ। তিনি মনে করেন, গরমের দিনে চামড়ার ভারী ব্যাগের চেয়ে প্রাকৃতিক উপাদানে তৈরি ব্যাগগুলো বেশি মানানসই এবং ফ্যাশনেবল।