ঢাকাWednesday , 5 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

নিউ ইয়র্কে সরকারি সুপারশপ প্রকল্প টিকবে না এক বছরও: মার্কিন আইনপ্রণেতা


August 5, 2026 10:15 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির নেওয়া সরকারি অর্থায়নে সুপারশপ তৈরির পরিকল্পনার কড়া সমালোচনা করেছেন ওহাইওর রিপাবলিকান আইনপ্রণেতা মাইক রুুলি। তিনি বলেছেন, মেয়র মামদানির এই উচ্চাভিলাষী পরিকল্পনা এক বছরের বেশি স্থায়ী হওয়ার সম্ভাবনা খুবই কম এবং এটি নিউ ইয়র্কের শত শত ক্ষুদ্র ব্যবসার জন্য বিপর্যয় ডেকে আনবে।

পেশাগত জীবনে ব্যবসায়ী পরিবারের সদস্য এবং গ্রোসারি শপের মালিক মাইক রুুলি ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। তার মতে, সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত এই সুপারশপগুলো উদ্বোধনের পর থেকেই লোকসানের মুখে পড়বে। তিনি মনে করেন, এই প্রকল্পগুলো পাঁচ বছরের বেশি টিকে থাকা অসম্ভব।

মেয়র জোহরান মামদানি তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সরকারি অর্থায়নে নিউ ইয়র্কের পাঁচটি বরোতে পাঁচটি সুপারশপ খোলার পরিকল্পনা ঘোষণা করেছিলেন। এই প্রকল্পের জন্য শহর কর্তৃপক্ষ ৭০ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে, যার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে এই দোকানগুলো চালু করা। মেয়র জানিয়েছিলেন, এই দোকানগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম খুচরা বাজারের চেয়ে ৩০ শতাংশ পর্যন্ত কম রাখা হবে।

মাইক রুুলি সতর্ক করে দিয়ে বলেন, গ্রোসারি ব্যবসার মুনাফার মার্জিন খুবই কম থাকে। সরকারি ভর্তুকি দিয়ে কৃত্রিমভাবে পণ্যের দাম কমিয়ে রাখার ফলে এটি করদাতাদের টাকার ওপর বিশাল চাপ তৈরি করবে। তিনি আরও উল্লেখ করেন যে, এই উদ্যোগের ফলে স্থানীয় ছোট ছোট অনেক ব্যবসা বন্ধ হয়ে যাবে, যার অনেকগুলোর মালিক অভিবাসীরা।

এদিকে সরকারি এই প্রকল্পের বিরুদ্ধে নিউ ইয়র্কের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনও আপত্তি তুলেছে। মাল্টিকালচারাল বিজনেস কোয়ালিশনসহ বেশ কয়েকটি গোষ্ঠী মেয়র মামদানির বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছে। প্রগতিশীলদের একটি অংশ এই প্রকল্পকে স্বাগত জানালেও ব্যবসায়ীরা একে ট্যাক্সের অর্থের অপচয় এবং প্রতিযোগিতামূলক বাজারের জন্য হুমকি হিসেবে দেখছেন।