যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান এক্সএআই-এর তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এনসাইক্লোপিডিয়া গ্রোকিপিডিয়া গত এপ্রিল মাস থেকে কোনো ধরনের আপডেট ছাড়াই পড়ে আছে বলে ল-ফেয়ারের এক প্রতিবেদনে জানানো হয়েছে। উইকিপিডিয়ার বিকল্প হিসেবে বড় ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে এটি চালু করা হলেও বর্তমানে এর কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত তিন মাসের বেশি সময় ধরে গ্রোকিপিডিয়ার কোনো নিবন্ধে নতুন কোনো পরিবর্তন আনা হয়নি। ল-ফেয়ারের বিশ্লেষণে ৩৪ হাজার ৫১৯টি পেজের তথ্য যাচাই করে দেখা গেছে, এসব পেজে ২ লাখ ২৫ হাজার ৪৯৬টি পরিবর্তনের প্রস্তাব থাকলেও গত তিন মাসে একটিও গ্রহণ বা বাতিল করা হয়নি।
২০২৫ সালের অক্টোবর মাসে গ্রোকিপিডিয়া যাত্রা শুরু করে। শুরুতে এতে ৮ লাখ ৮৫ হাজার নিবন্ধ ছিল এবং পরবর্তীতে এর সংখ্যা ৬০ লাখে পৌঁছায়। তবে বর্তমানে এর ওয়েবসাইটে থাকা সাম্প্রতিক পরিবর্তনের তালিকায় কোনো তথ্য দেখা যাচ্ছে না।
ব্যবহারকারীরা এখনো গ্রোকিপিডিয়াতে নতুন নিবন্ধ বা পরিবর্তনের প্রস্তাব দেওয়ার সুযোগ পাচ্ছেন ঠিকই, কিন্তু বাস্তবে কোনো কার্যক্রম দৃশ্যমান হচ্ছে না। এক্স এবং রেডিটের মতো প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা গ্রোকিপিডিয়া কি তবে বন্ধ হয়ে গেছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে এক্সএআই তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।