বাংলাদেশের রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী কলেজের সামনে বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদসহ সাতজনের ওপর হামলার ঘটনা ঘটেছে। জকসু জিএস ও ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি আব্দুল আলিম আরিফ এই হামলার বিচার দাবি করেছেন।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মঙ্গলবার হামলায় আহত ইনকিলাব মঞ্চের এক নারী শিক্ষার্থীকে দেখতে যাওয়ার জন্য সংগঠনের সদস্যরা সোহরাওয়ার্দী কলেজের সামনে অবস্থান করছিলেন। সে সময় ২০-২৫ জনের একটি দল তাদের ঘিরে ধরে এবং ভিডিও কলের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়ে লাঠি ও কাঠের টুকরো দিয়ে মারধর শুরু করে।
হামলার শিকার নূর মোহাম্মদ জানান, পরিচয় পাওয়ার পরপরই হামলাকারীরা তাদের ওপর চড়াও হয়। রাস্তায় ফেলে তাদের এলোপাতাড়ি পেটানো হয়। হামলায় জবি ইনকিলাব মঞ্চের সদস্য রাকিব, আলফাজ ও আবু বকরসহ মোট সাতজন আহত হয়েছেন।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ইসমাইল হোসেন তাসিন অভিযোগ করেন, হামলাকারীরা সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের জসিম গ্রুপের অনুসারী। তিনি জানান, নূর মোহাম্মদকে বিশেষভাবে টার্গেট করে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে।
এ ব্যাপারে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে দেখবেন।