বাংলাদেশের ঢাকার ধানমন্ডি কচিকন্ঠ স্কুলে নিরাপদ সড়ক, জলবায়ু সচেতনতা ও পরিচ্ছন্ন পরিবেশ বিষয়ে ‘সড়কসাথী’ প্রকল্পের চতুর্থ কর্মশালা গত ৪ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। একুইমেন হ্যাভেনের আয়োজনে এই কর্মশালায় অংশ নেয় চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির প্রায় ৪০ জন শিক্ষার্থী। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ সুরক্ষা ও ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একুইমেন হ্যাভেনের ফেলো অর্পিতা পাল। কর্মশালায় ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশের স্বেচ্ছাসেবী প্রমা সাহা ও প্রেসিডেন্ট গাউস পিয়ারী এবং ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং ক্লাবের তিন সদস্য জুবায়ের, তাসকিন ও মাহবুব উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে ছিলেন ট্রান্সপোর্ট প্রফেশনালস ফাউন্ডেশন, বাংলাদেশ (টিপিএফবি)-এর সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী কাজী মনজুর করিম মিতুল।
কর্মশালায় শিক্ষার্থীদের অডিও-ভিজ্যুয়াল অ্যানিমেশনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব, ট্রাফিক নিয়ম মেনে চলার গুরুত্ব, যানজট কমিয়ে জ্বালানি সাশ্রয় এবং পরিবেশবান্ধব যাতায়াত সম্পর্কে ধারণা দেওয়া হয়। এছাড়া রাস্তা পরিষ্কার রাখা ও ডাস্টবিন ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কুইজ ও ইন্টারেক্টিভ গেমের আয়োজন করা হয়। কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্কুলের অধ্যক্ষ। টিপিএফবির সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর করিম মিতুল এবং ট্রেজারার আমিন উজ জামান মাদানীর প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থীদের বিশেষ উপহার ও বই প্রদান করা হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়েও এমন কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এছাড়া শিক্ষার্থীদের নিয়ে ‘ক্লাইমেট ফাইটিং ক্লাব’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা পরিবেশ দূষণ ও বৈশ্বিক উষ্ণায়ন রোধে ভূমিকা রাখবে।