যুক্তরাষ্ট্রের ফ্রামিংহামে অবস্থিত অডিও প্রযুক্তি প্রতিষ্ঠান বোস তাদের দ্বিতীয় প্রজন্মের কোয়ায়েটকমফোর্ট হেডফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির এডিটর জাডা জোন্স জানিয়েছেন, নতুন এই হেডফোনটিতে প্রিমিয়াম মডেলের সমান বেশ কিছু উন্নত অডিও ও নয়েজ-ক্যানসেলিং ফিচার যুক্ত করা হয়েছে, যা ক্রেতাদের জন্য গুরুত্বপূর্ণ।
নতুন এই হেডফোনে ইউএসবি-সি অডিওর সুবিধা রাখা হয়েছে, যার মাধ্যমে ২৪-বিট/৪৮ কিলোহার্টজ লসলেস রেজোলিউশনে গান শোনা সম্ভব। এর পাশাপাশি চার্জ দেওয়ার সময়ও হেডফোনটি ব্যবহার করা যাবে। পুরনো হেডফোনের মতো এতে ৩.৫ এমএম জ্যাকও রাখা হয়েছে। নয়েজ-ক্যানসেলিং প্রযুক্তিতেও আনা হয়েছে বড় পরিবর্তন। এতে নতুন করে দুটি মাইক্রোফোন যুক্ত করা হয়েছে এবং অ্যাক্টিভসেন্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা হঠাৎ আসা তীব্র শব্দকে দ্রুত নিয়ন্ত্রণ করতে সক্ষম। এছাড়া ইমার্সিভ অডিও প্রযুক্তির মাধ্যমে স্পেশিয়াল অডিওর অভিজ্ঞতা পাওয়া যাবে।
ডিজাইনের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন এসেছে। হেডব্যান্ডে সিন্থেটিক লেদারের প্যাড ব্যবহার করা হয়েছে এবং আগের চেয়ে আরামদায়ক ফিটিং নিশ্চিত করতে ওভাল আকৃতির ইয়ারকাপ দেওয়া হয়েছে। আগামী ৮ আগস্ট থেকে হেডফোনটির প্রি-অর্ডার শুরু হবে। কালো ও সাদা রঙের পাশাপাশি তিনটি সীমিত সংস্করণের রঙেও এটি পাওয়া যাবে। ৩১৯ ডলার মূল্যের এই হেডফোনটি ২৪ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম।