যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ডিজনি প্লাস স্ট্রিমিং প্ল্যাটফর্মে নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) সার্চ সুবিধা নিয়ে পরীক্ষা শুরু করেছে ডিজনি কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই টুলের মাধ্যমে ব্যবহারকারীরা স্বাভাবিক ভাষার কথোপকথন, ভয়েস কমান্ড কিংবা বিভিন্ন সাজেশনের ভিত্তিতে তাদের পছন্দমতো শো বা সিনেমার তালিকা তৈরি করতে পারবেন। বর্তমানে একটি নির্দিষ্ট সংখ্যক গ্রাহকের ওপর এই ফিচারটির সীমিত পরীক্ষা চালানো হচ্ছে।
ডিজনি কর্তৃপক্ষের ভাষ্যমতে, এই প্রযুক্তিটি ব্যবহারের উদ্দেশ্য হলো একজন গ্রাহকের বর্তমান মুড বা মুহূর্তের সাথে মানানসই কনটেন্ট খুঁজে পেতে সহায়তা করা। এটি সাধারণ ভিউইং হিস্ট্রির চেয়েও কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করছে তারা।
স্ট্রিমিং দুনিয়ায় বর্তমানে এআই-ভিত্তিক সার্চ ফিচারের ব্যবহার বাড়ছে। নেটফ্লিক্স এবং ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারিও তাদের প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের পরীক্ষা চালাচ্ছে। ডিজনি কর্তৃপক্ষ তাদের প্ল্যাটফর্মকে গ্রাহকদের কাছে আরও ব্যক্তিগত ও আকর্ষণীয় করে তুলতে এই উদ্যোগ নিয়েছে। ডিজনি সিইও জশ ডি’আমারো জানিয়েছেন, ডিজনি প্লাসকে তারা কোম্পানির ডিজিটাল কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চান।
পাশাপাশি, ইএসপিএন-এর জন্য নতুন এআই-অ্যাসিস্টেড সার্চ ফিচার নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। এই ফিচারটি একটি চ্যাটবটের মতো কাজ করবে, যা ইএসপিএন-এর বিস্তৃত ক্রীড়া তথ্যভাণ্ডার ব্যবহার করে ব্যবহারকারীর বিভিন্ন প্রশ্নের উত্তর, খেলার পরিসংখ্যান এবং সুপারিশ প্রদান করবে।