বাংলাদেশের সাভারের আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নিয়ে বহিষ্কৃত সভাপতি মোখলেছুর রহমান খান ইলিয়াছ শাহী ও ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেনের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। বহিষ্কৃত সভাপতি ইলিয়াছ শাহী নিজেকে পুনরায় সভাপতি দাবি করে বিভিন্ন অনুষ্ঠানে নাম ব্যবহার করায় এর প্রতিবাদ জানিয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ও নেতাকর্মীদের বিভ্রান্তি দূর করতে এই সংবাদ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার রাতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মো. জাকির হোসেন জানান, গত ২৬ জুন আশুলিয়া থানা বিএনপির নির্দেশনায় তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান। এরপর থেকে তিনি নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন।
জাকির হোসেন অভিযোগ করেন, গত ১০ জুলাই মোখলেছুর রহমান খান ইলিয়াছ শাহী নিজ বাড়িতে একটি অনুষ্ঠান করেন, যার ব্যানারে তাকে সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। বিষয়টি দলীয় সিদ্ধান্তের বিরোধী বলে তিনি দাবি করেন। এ বিষয়ে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল গফুর মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তাকে জানানো হয় যে, ইলিয়াছ শাহীকে পুনরায় দায়িত্ব দেওয়ার কোনো সিদ্ধান্ত দল নেয়নি।
ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন স্পষ্ট জানান, কেন্দ্রীয় বা থানা কমিটির নতুন কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন। এ ধরনের কর্মকাণ্ডে দলের ভেতরে বিভ্রান্তি তৈরি হতে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন।
এ বিষয়ে মন্তব্য জানতে বহিষ্কৃত সভাপতি মোখলেছুর রহমান খান ইলিয়াছ শাহীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। সংবাদ সম্মেলনে আশুলিয়া থানা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।