যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট কোপাইলটের ভয়েস ফিচার থেকে মিকো নামক মাসকটকে সরিয়ে নিয়েছে। কোম্পানিটি জানিয়েছে, মিকো এখন থেকে তাদের লার্ন লাইভ হাবে টিউটর হিসেবে কাজ করবে। ব্যবহারকারীদের এআইয়ের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা আরও সাবলীল করতে মিকোকে সরিয়ে নেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২৫ সালের অক্টোবর মাসে কোপাইলট এআই চ্যাটবটের সঙ্গে ভয়েস কথোপকথনকে আরও মানবিক রূপ দেওয়ার লক্ষ্যে মিকোকে নিয়ে আসে মাইক্রোসফট। এক বছরের কম সময়ের মধ্যেই কোম্পানিটি এই অদ্ভুত দেখতে মাসকটটিকে তার প্রাথমিক অবস্থান থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিল।
মাইক্রোসফটের সাপোর্ট পেজে উল্লেখ করা হয়েছে, মিকোর মাধ্যমে তারা শিখেছে মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে কীভাবে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কোপাইলটের ভবিষ্যৎ উন্নয়নের জন্য এই শিক্ষাগুলো বেশ সহায়ক হয়েছে। লার্ন লাইভ হাবে মিকো টিউটরিং সেশনের মাধ্যমে ব্যবহারকারীদের শেখানোর ক্ষেত্রে আরও বড় ভূমিকা রাখতে পারবে বলে কর্তৃপক্ষ দাবি করেছে।
তবে এই পরিবর্তনের ফলে মিকোর পূর্ববর্তী ভয়েস সেটিংস নতুন অবস্থানে কার্যকর হবে না। যদিও মিকোকে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু কোপাইলট চ্যাটবটে ভয়েস ব্যবহারের সুবিধা আগের মতোই বহাল থাকবে বলে মাইক্রোসফট নিশ্চিত করেছে।