বাংলাদেশের ঢাকায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি প্রতিশোধমূলক নয় বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার অংশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সমাজে ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ডের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাওয়া হলে ডা. জাহেদ বলেন, এ বিষয়ে সরকারের আলাদা করে কিছু বলার নেই। প্রসিকিউশন টিম তাদের দায়িত্ব পালন করেছে। তিনি আরও বলেন, মৃত্যুদণ্ডের রায়ে খুশি হওয়ার চেয়ে বড় বিষয় হলো সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হচ্ছে কি না। সরকারের লক্ষ্য হলো মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা।
উপদেষ্টা বলেন, অভিযুক্তরা যদি দেশে থাকতেন, তবে তারা আদালতে তাদের অবস্থান পরিষ্কার করার সুযোগ পেতেন। এতে আইনি প্রক্রিয়া আরও পূর্ণাঙ্গ হতো। তবে তারা অনুপস্থিত থাকলেও যে রায় এসেছে, তাকে সরকার স্বাগত জানায়। এসব শাস্তির মাধ্যমে সরকার কেবল আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে চায় বলে জানান তিনি।