যুক্তরাজ্যের লাফবরো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নতুন প্রযুক্তির একটি মাইক্রোচিপ তৈরি করেছেন, যা উচ্চ কম্পাঙ্কের সিগন্যাল তৈরিতে অত্যন্ত কার্যকর। এই উদ্ভাবন ভবিষ্যতে ৬জি নেটওয়ার্কের গতি ও সক্ষমতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখতে পারে। গবেষণালব্ধ এই তথ্যটি প্রকাশ করেছে লাফবরো বিশ্ববিদ্যালয়।
প্রকৌশলীরা জানান, চালের দানার সমান এই চিপটি আলোর একটি সুশৃঙ্খল ধারা তৈরি করে, যাকে তারা ‘চিপের ওপর রংধনু’ হিসেবে অভিহিত করছেন। এই প্রযুক্তিটি মূলত মাইক্রোকম্ব হিসেবে কাজ করে, যা আলোকে বিভক্ত করে অত্যন্ত সুনির্দিষ্ট ও স্থিতিশীল সিগন্যাল তৈরি করতে পারে।
গবেষক দলের সদস্য ড. লুক পিটার্স জানান, বিশ্ব প্রতিনিয়ত আরও বেশি ডেটা ব্যবহারের দিকে ঝুঁকছে। উচ্চ রেজোলিউশন ও দ্রুতগতিতে তথ্য আদান-প্রদানের জন্য মিলিমিটার ওয়েভ প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাইক্রোচিপ ব্যবহার করে সেই সিগন্যালগুলোকে আরও নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
বর্তমানে এই প্রযুক্তির সিস্টেমটি ল্যাবরেটরিতে একটি টেবিলজুড়ে বিস্তৃত থাকলেও, গবেষকরা এটিকে ভবিষ্যতে জুতার বাক্সের সমান ছোট আকারে নিয়ে আসার লক্ষ্য নির্ধারণ করেছেন। এটি সফল হলে মহাকাশ গবেষণা, নেভিগেশন, রাডার এবং কোয়ান্টাম প্রযুক্তিতেও অভাবনীয় পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে।
তবে এই প্রযুক্তিটি বাস্তব জীবনে ব্যবহারের আগে আরও কিছু কারিগরি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বর্তমানে গবেষক দলটি আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এর কর্মদক্ষতা ও স্থায়িত্ব বৃদ্ধির লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছেন।