ভারতের আসামের গুয়াহাটিতে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ায় রাজ্য সরকারের মন্ত্রী কেশব মহান্তের মেয়ে দিবিসা মহান্তকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আয়োজিত এই সমাবেশে দিবিসার উপস্থিতির বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হলে বিষয়টিতে হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি স্পষ্ট করে বলেছেন, সন্তানের মতাদর্শ বা কাজের জন্য মা-বাবাকে দায়ী করা বা হেনস্তা করা যুক্তিসঙ্গত নয়।
গুয়াহাটির চ্যাচালে কঠোর পুলিশি নিরাপত্তা ও সিআরপিএফ মোতায়েনের মধ্যেই এই বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে আসামের রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এবং বিজেপি জোটের শরিক দল অসম গণ পরিষদের নেতা কেশব মহান্তের মেয়ে দিবিসা মহান্ত অংশ নেন। যুক্তরাজ্য থেকে দুটি স্নাতকোত্তর ডিগ্রিধারী দিবিসা সমাবেশ থেকে কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করেন এবং পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের ব্যবহারের নিন্দা জানান।
ঘটনাটি নিয়ে মন্ত্রী কেশব মহান্ত সরাসরি কোনো প্রতিক্রিয়া না জানালেও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন। তিনি বলেন, আমার নিজের সন্তান বা ভাইও অনেক সময় আমার মতের বিরোধিতা করে। মেয়েটি মোদিজির সমালোচনা করেছে বলে আমার খারাপ লেগেছে, তবে এ জন্য তার বাবাকে হেনস্তা করা উচিত নয়। সন্তান প্রাপ্তবয়স্ক হলে তার কাজের দায়ভার বাবা-মায়ের ওপর বর্তায় না। আমরা মেয়েটির সঙ্গেই কথা বলব।
উল্লেখ্য, ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে হওয়া ওই আন্দোলনের ঘটনায় ষড়যন্ত্র ও দেশের অখণ্ডতা ক্ষুণ্নের অভিযোগে আসাম পুলিশ অন্তত ছয়জনকে গ্রেফতার করেছে। প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন।