ভারতের নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলনের নৈশভোজে কিশোর কুমারের জনপ্রিয় গান গেয়ে ভিন্নমাত্রা যোগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সম্মেলনের গুরুগম্ভীর পরিবেশের মাঝে তার এই গান উপস্থিত অতিথিদের চমকে দেয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আয়োজিত এই নৈশভোজটি রাজনৈতিক আলাপচারিতার বাইরেও সংস্কৃতির মেলবন্ধনে রূপ নেয়।
নৈশভোজের অনুষ্ঠানে লাইভ পিয়ানোর সঙ্গে আনোয়ার ইব্রাহিম ১৯৬৫ সালের ‘টিন দেবিয়ান’ সিনেমার ‘খোয়াব হো তুম ইয়া কোই হকিকত’ গানটি পরিবেশন করেন। এস ডি বর্মণের সুরে এবং মাজরুহ সুলতানপুরীর কথায় জনপ্রিয় এই গানটি গাওয়ার সময় তিনি বেশ সাবলীল ছিলেন। নিজের পরিবেশনার একটি ভিডিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ক্যাপশনে মজা করে লেখেন, ‘গুরু, একটু গান গাইতে পারি?’
ভারতীয় গান ও সিনেমার প্রতি আনোয়ার ইব্রাহিমের আগ্রহ দীর্ঘদিনের। এর আগে ভারতে সফরের সময় তিনি কিশোর কুমারের গান গেয়েছিলেন। এছাড়া ২০২৪ সালে দিল্লির এক অনুষ্ঠানে তিনি মুকেশের বিখ্যাত গান ‘দোস্ত দোস্ত না রহা’ গেয়ে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছিলেন।
ব্রিকস সম্মেলনে মালয়েশিয়া অংশীদার দেশ হিসেবে যোগ দিয়েছে। সম্মেলন চলাকালীন ভারত ও মালয়েশিয়ার মধ্যে ডিজিটাল প্রযুক্তি, পর্যটন এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এছাড়া নরেন্দ্র মোদির বৈশ্বিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন আনোয়ার ইব্রাহিম। তিনি জানান, দেশে ফেরার আগে অনেকে তাকে মোদির জন্য উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দিতে অনুরোধ করেছেন।