ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪০ জন যাত্রী নিয়ে ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের একটি যাত্রীবাহী জাহাজ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইন্দোনেশিয়ার বানজারমাসিন সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের তথ্য অনুযায়ী, জাহাজটি পূর্ব জাভার সুরাবায়া থেকে বোর্নিও দ্বীপের বানজারমাসিন যাওয়ার পথে এই বিপত্তির মুখে পড়ে। জাহাজটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর দ্রুত উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।
কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, শেষবার যখন জাহাজটির অবস্থান শনাক্ত করা হয়েছিল, তখন সেটি বানজারমাসিন পিয়ার থেকে প্রায় ৯২ মাইল দূরে ছিল। দক্ষিণ কালিমান্তান প্রদেশের রাজধানী বানজারমাসিনের উদ্ধারকারী দলগুলো এখন জাহাজটিকে খুঁজে বের করার জন্য কাজ করে যাচ্ছে।
যাত্রাপথে যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে পড়ার খবর পাওয়ার পরপরই অনুসন্ধান অভিযান শুরু করা হয়। তবে রবিবার পর্যন্ত কোনো যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। জাহাজটি কেন বা কী কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হলো, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও বর্তমান আবহাওয়া পরিস্থিতি উদ্ধার অভিযানে কোনো প্রভাব ফেলছে কি না, সে বিষয়েও তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে রওনা হওয়ার পর জাভা সাগর পাড়ি দেওয়ার সময় জাহাজটি নিখোঁজ হয়। বর্তমানে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।