ঢাকাWednesday , 29 July 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

সাতক্ষীরায় বিজিবির অভিযানে জব্দ ৩২ কোটি টাকার মাদক ধ্বংস


July 29, 2026 3:50 am
Link Copied!

বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগরের নীলডুমুর ব্যাটালিয়ন সদর দপ্তরে বিভিন্ন সময়ে উদ্ধার করা প্রায় ৩২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। তিনি জানান, সীমান্তের দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যরা চোরাচালান প্রতিরোধে দিন-রাত নিরলসভাবে কাজ করছেন। তবে মাদকের মতো সামাজিক সমস্যা মোকাবিলায় শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে সর্বস্তরের জনগণকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নীলডুমুর ব্যাটালিয়নের সদস্যদের পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রশংসা করে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার নির্দেশ দেন তিনি।

বিজিবি সূত্র জানায়, ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১১ জুলাই পর্যন্ত সাতক্ষীরার শ্যামনগর, দেবহাটা ও কালীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৪১ জন আটক হন। এই সময়ের মধ্যে উদ্ধারকৃত ৫১ কোটি ৮৫ লাখ ৭৯ হাজার ৭৯৭ টাকা মূল্যের চোরাচালান পণ্যের মধ্যে ৩১ কোটি ৯৪ লাখ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হলো।

অনুষ্ঠানে নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ স্বাগত বক্তব্য রাখেন। এ সময় খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার, সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ্ মো. আশরাফুল আলাম, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান জাহান কনকসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।