ঢাকাSunday , 30 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যানথ্রোপিকের বিরুদ্ধে সনি ও ওয়ার্নারের মামলা


August 30, 2026 11:45 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের দায়ে যৌথভাবে মামলা করেছে সনি মিউজিক পাবলিশিং ও ওয়ার্নার চ্যাপেল মিউজিক। মিউজিক পাবলিশিং গ্রুপ দুটির অভিযোগ, অ্যানথ্রোপিক তাদের ক্লদ এআই মডেল প্রশিক্ষণের জন্য হাজার হাজার কপিরাইটযুক্ত গানের সুর ও লিরিক্স অবৈধভাবে ব্যবহার করেছে, যা বুদ্ধিবৃত্তিক সম্পদের ইতিহাসের অন্যতম বড় চুরির ঘটনা।

অভিযোগে বলা হয়েছে, অ্যানথ্রোপিক ইন্টারনেটে ছড়িয়ে থাকা কপিরাইটযুক্ত কাজগুলো অবৈধভাবে টরেন্টিং, স্ক্র্যাপিং এবং ডাউনলোডের মাধ্যমে সংগ্রহ করেছে। সনি ও ওয়ার্নার তাদের এই কর্মকাণ্ডকে একটি বেপরোয়া অভিযান হিসেবে বর্ণনা করেছে।

মামলার প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জুরি ট্রায়ালের মাধ্যমে বিচারের অনুরোধ জানানো হয়েছে। প্রতিটি কপিরাইট লঙ্ঘনের জন্য দেড় লাখ ডলার এবং কপিরাইট ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য সরানোর প্রতিটি ঘটনার জন্য ২৫ হাজার ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। যেহেতু হাজার হাজার গান এআই প্রশিক্ষণে ব্যবহৃত হয়েছে, তাই চূড়ান্ত বিচারে ক্ষতিপূরণের পরিমাণ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অ্যানথ্রোপিকের বিরুদ্ধে এ ধরনের আইনি পদক্ষেপ এটিই প্রথম নয়। এর আগে কনকর্ড মিউজিক গ্রুপ ও ইউনিভার্সাল মিউজিক গ্রুপ একই অভিযোগে অ্যানথ্রোপিকের বিরুদ্ধে তিন বিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণের মামলা করেছিল। এছাড়া লেখকদের একটি গোষ্ঠীও তাদের লেখা চুরি করে এআই প্রশিক্ষণের দায়ে মামলা করলে, পরবর্তীতে অ্যানথ্রোপিক দেড় বিলিয়ন ডলারের বিনিময়ে সেই মামলার নিষ্পত্তি করে। বর্তমান মামলাটির বিষয়ে অ্যানথ্রোপিকের আনুষ্ঠানিক মন্তব্য পাওয়ার চেষ্টা চলছে।